বাজেটে রাজস্বের লক্ষ্যমাত্রা ১ লাখ ৪৯ হাজার কোটি টাকা

আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ৪৯ হাজার কোটি টাকা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন। গতকাল বুধবার এনবিআরের সম্মেলন কক্ষে প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ীদের এ তথ্য জানিয়ে তিনি বলেন, করের আওতা বাড়িয়ে খুব বেশি রাজস্ব বাড়ানো সম্ভব নয়। এ জন্য ঘুরেফিরে ব্যবসায়ীদের কাছেই যেতে হবে। বাজেট আলোচনায় প্রায় সব ব্যবসায়ী প্রতিনিধি শুল্ক-কর কমানোর প্রস্তাব দিলে তিনি এ কথা বলেন। চলতি অর্থবছরের শুরুতে রাজস্বের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা। অবশ্য পরবর্তীতে তা কামিয়ে ১ লাখ ২৫ হাজার কোটি টাক করা হয়। আগামী জুনের দ্বিতীয় বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশ হওয়ার কথা। বাজেটকে সামনে রেখে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে পরামর্শমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে এনবিআর। এরই অংশ হিসেবে এনবিআর চেয়ারম্যান গতকাল সকালে বন্ড সুবিধাবিহীন রপ্তানি খাতের প্রতিনিধিদের সঙ্গে বাজেট আলোচনায় মিলিত হন। আলোচনায় অংশ নিয়ে প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি জসিম উদ্দিন এ খাতের সব ধরনের মূলধনী যন্ত্রপাতি আমদানিতে বিদ্যমান ২ শতাংশ হারে শুল্ক প্রত্যাহারের দাবি জানান। এছাড়া এই শিল্পের জেনারেটরের খুচরা যন্ত্রাংশ আমদানিতে শুল্ক প্রত্যাহার, প্লাস্টিক পণ্যের কাঁচামাল ইউরিয়া রেজিন ও খেলনার যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক ১০ শতাংশে নামিয়ে আনা, দেশীয় প্লাস্টিক শিল্প রক্ষার স্বার্থে আমদানিকৃত প্লাস্টিক পণ্যে সর্বোচ্চ হারে শুল্ক আরোপ করা, প্লাস্টিক শিল্পকে ১০ বছরের জন্য কর অবকাশ সুবিধা দেয়া, গার্মেন্টস খাতের ন্যায় প্লাস্টিক পণ্য রপ্তানিতে উেস কর দশমিক ৩০ শতাংশে নামিয়ে আনা এবং কর্পোরেট কর বিদ্যমান হারের তুলনায় ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেয়া হয়। এছাড়া দেশীয় প্লাস্টিক সামগ্রী ও বর্জ্য ব্যবস্থাপনার উপর থেকে বিদ্যমান ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের প্রস্তাব দেয়া হয়। আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন এমব্রয়ডারি ম্যানুফেকচারার এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, ফ্লাওয়ার গ্রোয়ার এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, ভেজিটেবল গুডস এন্ড এলাইং ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, হস্তশিল্প উত্পাদক ও রপ্তানিকারক সমিতি, জামদানি ম্যানুফেকচারার এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি), বাটন ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য সৈয়দ আমিনুল করিম, এফবিসিসিআইয়ের উপদেষ্টা মঞ্জুর আহমেদ প্রমুখ।