ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার সাত দিন পর ইউপি সদস্যের লাশ উদ্ধার

আইন-শৃঙ্খলার বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার সাত দিন পর গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপুকুরের অদূরে মুচির টেকানী এলাকা থেকে সামছুল ইসলাম সাবু (৫৫) নামে এক ইউপি সদস্যের গুলিবিদ্ধ লাশ বুধবার উদ্ধার করেছে পুলিশ। নিহত সাবু উপজেলার বেতকাপা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য এবং ঐ ইউনিয়নের সাতারপাড়া গ্রামের কফিল উদ্দিন শেখের (চেংটু মিয়া) ছেলে। পলাশবাড়ী থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, স্থানীয়রা ঐ স্থানে বুধবার সকালে সাবুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দুপুর ১২ টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো জানান, তার ডান কানের নিচে গুলির চিহ্ন দেখা গেছে। তিনি জানান, সাবু আন্ত:জেলা ডাকাত দলের সর্দার ছিল। তার নামে দেশের বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে। নিহতের স্ত্রী আছমা খাতুন জানান, গত ৯ এপ্রিল রাত ১২টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা বাজার এলাকায় বৈশাখী মেলার হাউজি খেলার প্যান্ডেল থেকে আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্য (ডিবি পুলিশ) পরিচয়ে সাবুকে তুলে নিয়ে যাওয়া হয়। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য (ডিবি পুলিশ) পরিচয়ে সাবুকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি ওসি জানেন না বলে জানিয়েছেন। না’গঞ্জে সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্রবাজ হাদিস আলীর (৫২) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকাতে তার হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে নম্বরবিহীন একটি মাইক্রোবাস হাদিস আলীর সামনে এসে থামে। এ সময় মাইক্রোবাসের ভেতর থেকে সাদা পোশাকধারী ৫-৬ জন নেমে হাদিস আলীকে তুলে নিয়ে যায়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম শফিক জানান, রাত তিনটার দিকে এলাকাবাসী ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেয়। এদিকে মুন্সীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইয়ারদৌস হাসান মোবাইল ফোনে জানান, হাদিস আলী অস্ত্র মামলায় ৪ বছর সাজা খেটে বের হয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। সে মুন্সীগঞ্জের আলোচিত অস্ত্র ব্যবসায়ী মোস্তফা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ছিলেন।