পৃথক দুর্ঘটনায় নিহত নয়

দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে সড়ক দুর্ঘটনাসহ পৃথক ঘটনায় নয়জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। রায়পুরা থানার এএসআই নিহত নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর শিল্পাঞ্চল এলাকায় গত মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় রায়পুরা থানায় কর্মরত এএসআই মামুন (২৬) নিহত হয়েছেন। নিহত এএসআই মামুন কাজ সেরে মোটর সাইকেলে নরসিংদী থেকে রায়পুরা তার কর্মস্থলে যাবার পথে একটি যাত্রীবাহী বিআরটিসি বাস পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত মামুনের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলায়। শিবগঞ্জে নিহত ৪ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বোলতলা এলাকায় গত মঙ্গলবার রাতে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত ও ৯ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, হূদয় (২৫), আরিফুল ইসলাম (৩৫), সুরাজ (২০) ও রাশেল আলী। আহতরা হলেন, নাসিম, কিশোর, আতিক ও শাহনিয়ামতুল্লাহ ফিন্যান্স ও মার্কেটিং বিভাগের প্রভাষক প্রশান্ত কুমার সাহাসহ অজ্ঞাত পরিচয় আরো পাঁচজন। আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ভেড়ামারায় ট্রাক হেলপার নিহত কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাধীন মসলেমপুরে গত মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় সেলিম (৩০) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই মজিবর রহমান জানান, একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক পিছন থেকে অপর একটি বিদ্যুত্ পোলবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের হেলপার সেলিম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পবায় নিহত ১ আহত ৩ রাজশাহীর পবায় গত মঙ্গলবার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় বলিদ (৪৫) নামে এক অটোযাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছাতকে আহত সায়েমের মৃত্যু সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় আহত সায়েম আহমদ তালুকদার (২২) গত মঙ্গলবার দুপুরে সিলেটের ইবনে সিনা ক্লিনিকে মারা গেছেন। গুরুতর আহত সায়েম আহমদকে ইবনে সিনা ক্লিনিকে লাইফ সাপোর্টে রাখা হলে ৩দিন পর মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। টঙ্গীতে নিহত ১ গাজীপুরের টঙ্গীতে গত মঙ্গলবার সকালে পৃথক দুর্ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। ঢাকা-সিলেট রোডের শিলমুন এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে টঙ্গীগামী লেগুনার সংঘর্ষে লেগুনার যাত্রী বেদেনা আক্তার (৫৫) ঘটনাস্থলেই মারা যান। এ সময় লেগুনার আরো পাঁচ যাত্রী গুরুতর আহত হন। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিত্সা দেয়া হয়। লেগুনার ড্রাইভার মামুনকে (১৮) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গোপালগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে একজনের মৃত্যু গোপালগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে গত মঙ্গলবার রাতে মো. ইস্রাফিল হোসেন সরদার (৫২) নামে ব্যাংকের এক কর্মকর্তা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তিনি জনতা ব্যাংক গোপালগঞ্জ শাখায় সহকারী এক্সিকিউটিভ অফিসার হিসাবে কর্মরত ছিলেন। গত ৭ এপ্রিল শহরের মিয়াপাড়ায় তিনি নিজ বাড়ির ছাদে গাছের ডাল অপসারণের সময় বিদ্যুতের স্পর্শে মারাত্মক আহত হন। প্রথমে তাকে গোপালগঞ্জ ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। লক্ষ্মীপুরে ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ বাজার এলাকা থেকে গত মঙ্গলবার ভোরে চরমটুয়া মাদরাসার আলীম প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুর রশিদের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে মসজিদে মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।