বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৪, ২১:৫৩
দেশের বিভিন্ন স্থানে গত দুইদিনে পৃথক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
শরীয়তপুরে পৃথক অগ্নিকাণ্ডে
১৫ দোকান ভস্মীভূত, আহত ৮
শরীয়তপুরের নড়িয়া বাজারে ও জাজিরা উপজেলার কাজিরহাট বাজারে গত মঙ্গলবার দুপুরে পৃথক দুটি অগ্নিকাণ্ডে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ৫ ব্যবসায়ী ও উত্তেজিত জনতার হামলায় ৩ ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছে। স্থানীয়সূত্র জানায়, জেলার জাজিরা উপজেলার কাজিরহাট বাজারে একটি দোকানে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ২টি দোকান ভস্মীভূত হয়। অপরদিকে নড়িয়া বাজারের একটি হোটেল থেকে আগুন লেগে বাজারের ১৩টি দোকান ভস্মীভূত হয়। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ৫ ব্যবসায়ী আহত হন। আহতরা হলেন আব্দুল আজিজ, বাঁধন, লাল মিয়া শেখ, জলিল বেপারী ও দ্বীন ইসলাম। আহতদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উত্তেজিত জনতার হাতে ফায়ার সার্ভিসের তিন কর্মী মোতালেব খান, মতিন খান, আব্দুল সোবাহান আহত হন। নড়িয়া বাজারের ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম জানান, ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণের তালিকা প্রস্তুত করা হচ্ছে।
পটুয়াখালীতে তিন দোকান ভস্মীভূত
পটুয়াখালী শহরের কাঠপট্টি এলাকায় গত মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ও ৫টি অটোরিকশা ভস্মীভূত হয়েছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। আগুনে ছোলেমানের মুদির দোকান, আসমার হোটেল এবং একটি চায়ের দোকান ও ঐ গ্যারেজের পাঁচটি অটোরিকশা পুড়ে যায়। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, একটি গ্যারেজে অটোরিকশায় চার্জ দেয়া অবস্থায় বিদ্যুত্ শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জে শ্রমিকদের
২০ ঘর পুড়ে গেছে
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডে ২০টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া ঘরে বিভিন্ন শিল্প-কারখানার শ্রমিকরা বসবাস করতো। ডেমরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল মোহাম্মদ রফি বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
পঞ্চগড় জেলা সদরের হাড়িভাসা সড়কের বলেয়া পাড়া মোড়ে গত মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডে ৪ পরিবারের ১০ ঘর ও ২টি হোটেল ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা বলে জানা গেছে। দমকল বাহিনীর দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
দিনাজপুরে ৬টি ঘর ভস্মীভূত
দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন সিপাহীপাড়ায় গত মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের ৬টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়। মালামাল সরাতে গিয়ে কয়েকজন গৃহবধূ আহত হন। দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।