রায়পুরায় বৈশাখী মেলাকে কেন্দ্র করে ভাংচুর লুটপাট

উপজেলার শ্রীরামপুর এলাকায় বৈশাখী মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ষ্টল ও অন্তত ২৫টি বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালে শ্রীরামপুর গরু বাজার মাঠে এক প্রতিবাদ সমাবেশ করে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে বৈশাখী মেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার নজরপুর ও মেথিকান্দা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র লাটি সোঁটা নিয়ে প্রথমে মেলার ষ্টলে এবং পরে মেলা সংলগ্ন শ্রীরামপুর গ্রামে এলোপাতাড়ি হামলা চালায়। এতে মেলায় অবস্থিত ষ্টল, দোকানঘরসহ অন্তত ২৫টি বসত ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। উক্ত ঘটনার প্রতিবাদে মেহের আলী মেম্বারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুল কুদ্দুছ মিয়া, কাউন্সিলর আমির হোসেন, শ্রীরামপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সাহা, সমাজ সেবক অহিদুজ্জামান অহিদ, আব্দুল আওয়াল, আব্দুর রহমান, সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।