কাউনিয়ায় এসআই’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৪, ২১:৫৫
কাউনিয়ায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত গত ১০ এপ্রিল আসামি এসআই আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। জানা গেছে, উপজেলার রঘুুনাথ গ্রামের বাসিন্দা মোঃ সোলেমান মিয়ার সাথে সত্ বোনের জমি নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছিল। যা পরবর্তীতে মামলা মোকাদ্দমায় পরিণত হয়। গত ২০১১ সালের ১৭ নভেম্বর বিমাতা বোন আম্বিয়া তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে ২ জানুয়ারি আসামি কাউনিয়া থানার তত্কালীন এসআই আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে বাদির বাড়িতে গিয়ে তাকে ঘর থেকে বের করে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। ঐ সময় বাদির বোন বাসিরন বেওয়া এগিয়ে এলে পুলিশ তাকেও মাটিতে ফেলে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে বাসিরন গুরুত্বর আহত হয়। পরে বাসিরনের ভাই সোলায়মান মিয়া বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে গত ১০ এপ্রিল এসআই আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।