সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৪, ২১:৫৫
চট্টগ্রামে গান গাইলেন বিএনপি নেতারা
চট্টগ্রাম অফিস \ বাংলা নতুন বছরকে বরণ করতে চট্টগ্রাম বিএনপি গত সোমবার পহেলা বৈশাখের দিন নাসিমন ভবনের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করে। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর আবৃত্তির মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিনি আবৃত্তি করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত রণসঙ্গীত ‘কারার ওই লৌহ কপাট’। এরপর উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি পরিবেশন করেন। কবিতা আবৃত্তি করেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী। সঙ্গীত পরিবেশন করেন অনেকেই। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাসাস নেতা শিল্পী আব্দুল মান্নান রানা, নগর মহিলা দল সভাপতি মনোয়ারা বেগম মনি প্রমুখ।
সিলেটে ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ
সিলেট অফিস \ সিলেট বিভাগের ১৩টি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন গত মঙ্গলবার। তাদেরকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। স্থানীয় সরকার বিভাগের সিলেট বিভাগীয় উপ-পরিচালক পরিমল সিংহের পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভুইয়া, স্থানীয় সরকার বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক গৌতম কুমার ঘোষ। শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন- সিলেট সদর উপজেলার আশফাক আহমদ, দক্ষিণ সুরমার আবু জাহিদ, সুনামগঞ্জের জামালগঞ্জের শামসুল আলম ঝুনু, শাল্লার গনেন্দ্র চন্দ্র সরকার, ধর্মপাশার মোতালেব খান, মৌলভীবাজার সদরের মিজানুর রহমান মিজান, শ্রীমঙ্গলের রণধীর কুমার দেব, কমলগঞ্জের অধ্যাপক রফিকুর রহমান, বড়লেখার রফিকুল ইসলাম সুন্দর, হবিগঞ্জ সদরের সৈয়দ আহমদুল হক, নবীগঞ্জের আলমগীর চৌধুরী, আজমিরিগঞ্জের আতর আলী ও লাখাই উপজেলার মুশফিউল আলম আজাদ। এছাড়া এসব উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরাও শপথ গ্রহণ করেছেন।
কুমিল্লায় সওজ ঠিকাদারদের অবস্থান ধর্মঘট
কুমিল্লা প্রতিনিধি\ কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) ঠিকাদার কল্যাণ পরিষদের উদ্যোগে গত মঙ্গলবার থেকে ৩ দিনব্যাপী অবস্থান ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি কর্মসূচি পালন শুরু হয়। ঠিকাদারী কাজের বকেয়া ৩৫ কোটি টাকা পাওনা পরিশোধের দাবিতে ঠিকাদাররা তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল তিনদিনের এ কর্মসূচি পালন শুরু করে। এসময় বক্তব্য রাখেন কবির হোসেন ভূঁইয়া, মফিজুর রহমান বাবলু, কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, আবু ফয়েজ খান চৌধুরী, মনিরউদ্দিন রমিজ, আবুল বাসার, দেলোয়ার হোসেন বাবুলসহ ঠিকাদারবৃন্দ।
সরাইলে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শহীদ মিনারকে মঞ্চ বানিয়ে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে গত মঙ্গলবার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। ঢাকার আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতাল (প্রাইভেট লিমিটেড)-এর চেয়ারম্যান ডাঃ প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকউদ্দিন ঠাকুর প্রমুখ।
গাজীপুরে পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি\ গাজীপুর সিটি কর্পোরেশনের ইজারাদারদের কর্তৃক অতিরিক্ত ট্যাক্স আদায়ের প্রতিবাদে গত মঙ্গলবার দুপুরে গাজীপুরে বাস ট্রাক লেগুনা সিএনজি চালক ও শ্রমিকরা গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে। গাজীপুরে বাস মিনিবাস ও লেগুনা সিএনজি শ্রমিক এবং মালিক সমিতির সভাপতি সুলতান আহম্মেদ সরকার জানান, গাজীপুর সিটি কর্পোরেশন থেকে যেহারে ট্যাক্স ধার্য করেছে ইজারাদাররা তার চেয়ে অতিরিক্ত হারে ট্যাক্স আদায় করছে। নাওজোর হাইওয়ে পুলিশের এসআই ইকবাল জানান, ইজারার টাকা বেশি নেয়ার প্রতিবাদে চালক-শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
নেত্রকোনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে দিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে গত সোমবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা বিএনপির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় পূর্বেকার কমিটি ভেঙে দিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়। জানা গেছে, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আশরাফ উদ্দিন খানকে আহবায়ক করে জেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, দশ উপজেলা কমিটির সভাপতি-সম্পাদক, চার পৌর কমিটির সভাপতি-সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির চার সদস্য, পৌর মেয়র, সদ্যনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানদেরকে জেলা আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে।