মৃত্যুবার্ষিকী

গোলাম মোস্তফা শহীদ অধ্যাপক গোলাম মোস্তফার ৪৩তম শাহাদাত্বার্ষিকী আজ। এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী তার কর্মস্থল থেকে তাকে ধরে জামালপুর ফার্মের কাছে নিয়ে বেয়োনেট চার্জ করে ও পরে ব্রাশ ফায়ার করে নির্মমভাবে হত্যা করে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি পীরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। শবনম হক ঢাকা ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব আরহাম মাসুদুল হকের স্ত্রী শবনম হকের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। মরহুমার রুহের মাগফিরাত কামনায় আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভাকাঙ্খীদের দোয়া করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মোহাম্মদ এয়াকুব শেঠ চট্টগ্রাম মহানগরীর জমিদার, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত, ইসলামী চেতনার ধারক মোহাম্মদ এয়াকুব শেঠের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পারিবারিকভাবে ও বিভিন্ন সংগঠন নগরীর আলকরনস্থ কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল এবং গরীব-দু:স্থদের মধ্যে তাবারক বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে । দস্তগীর চৌধুরী চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক ডেপুটি মেয়র, ক্রীড়া সংগঠক মুক্তিযোদ্ধা দস্তগীর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ । এ উপলক্ষে মহানগর বিএনপি মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, বিকালে নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিকালে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়া মরহুমের বাসভবনে পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।