রাজশাহীতে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

রাজশাহীতে নগরীর বেলদারপাড়া মোড় এলাকায় গতকাল বুধবার জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ২টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে ককটেল ২টি লক্ষ্যভ্রষ্ট হয়ে পুলিশের গাড়ি থেকে কিছুটা দূরে বিস্ফোরিত হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুঁড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ৭ জন আহত হয়েছে বলে জামায়াত-শিবিরের নেতারা দাবি করেছেন। এদিকে নগরীর সদর হাসপাতালের মোড়ে রাজশাহী জেলা মহিলা দলের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। কারাবন্দি বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক ও জেলার সভাপতি এ্যাডভোকেট নাদিম মোস্তফার মুক্তির দাবিতে গতকাল সকাল ১০টার দিকে জেলা মহিলা দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সদর হাসপাতালের দিকে যেতে চাইলে পুলিশ জলকামান ও এ্যাপাসি গাড়ি নিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। পরে মহিলা দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে সমাবেশ করে।