ঘুষ গ্রহণকালে কয়রায় এলজিইডির প্রকৌশলী গ্রেফতার
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৪, ২৩:৩৫
ঘুষ গ্রহণকালে খুলনার কয়রা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী এসএম হাবিবুল্লাহকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুরে তাকে নিজ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, মেসার্স জাহাঙ্গীর মুন্সী ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের বিল আটকে রেখে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে উপ-সহকারী প্রকৌশলী এসএম হাবিবুল্লাহ। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিষয়টি দুদক কর্মকর্তাদের অবহিত করে। এ প্রেক্ষিতে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক একেএম জাহিদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম গতকাল দুপুরে কয়রা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ের সামনে ওত পেতে থাকে। পরে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে হাবিবুল্লাহকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় দুদকের উপ-সহকারী পরিচালক আবুল হাসান বাদী হয়ে কয়রা থানায় একটি মামলা দায়ের করেছেন।