কালিয়াকৈরে পাকিস্তানি নাগরিকের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৪, ২৩:৩৭
কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের শিকদার মোশারফ হোসেনের মালিকানাধীন ভবনের বাসিন্দা পাকিস্তানি নাগরিক ইকবাল আহাম্মেদ-এর বাসা থেকে বুধবার সকালে আয়েশা আক্তার (৭) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই কাজের মেয়ের নাম ছাড়া আর কোন পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় পুলিশ ইকবাল আহাম্মেদ (৫৫) ও তার স্ত্রী ফাতেমা আক্তারকে (৪৫) আটক করেছে। ইকবালকে আদালতে চালান দেয়া হলেও তার স্ত্রী ফাতেমা আক্তারকে থানায় আটক রাখা হয়। ইকবাল উপজেলার এপেক্স ওইভিং কারখানায় চাকরি করে বলে জানা যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মোঃ মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।