‘বেলা’র নির্বাহী পরিচালক রেজওয়ানার স্বামী অপহূত

বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বক্কর সিদ্দিক অপহূত হয়েছেন। গতকাল দুপুরে ব্যস্ততম ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় মাইক্রোবাসে করে আসা ৭/৮ জন অস্ত্রধারী তাকে অপহরণ করে নিয়ে যায়। আবু বক্কর সিদ্দিক ফতুল্লার একটি গার্মেন্টসের ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি গার্মেন্টস থেকে তার লাল রঙের প্রাইভেটকারে ঢাকার বাসায় ফিরছিলেন। তাকে উদ্ধারের জন্য পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা অভিযান শুরু করেছে। নারায়ণগঞ্জ, আশপাশ এলাকা ও হাইওয়েতে চেকপোস্ট বসানো হয়েছে। এ ঘটনায় গতকাল রাতে রিজওয়ানা হাসান বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেছেন। তবে মামলায় তিনি কী অভিযোগ করেছেন এ ব্যাপারে পুলিশ কিছু জানাতে অপারগতা প্রকাশ করে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আবু বকরকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম জানিয়েছেন, অপহূত আবু বক্কর সিদ্দিককে উদ্ধারের বিষয়টি সরাসরি পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার মনিটরিং করছেন। রিজওয়ানা হাসান তার স্বামীকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। ম্যাগসেসে পুরস্কার জয়ী রিজওয়ানা হাসান পরিবেশ ধ্বংসের বিভিন্ন কার্যক্রমের বিরুদ্ধে সক্রিয়। তিনি ২০১২ সালে ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার গতকাল রাত পৌনে ৮টার দিকে ইত্তেফাককে জানান, আবু বক্কর সিদ্দিককে উদ্ধারে সর্বাধিক গুরুত্ব দিয়ে অভিযান চলছে। একই কথা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান। অপহরণের খবর পেয়ে রিজওয়ানা হাসান ছুটে যান নারায়ণগঞ্জ পুলিশ সুপারের দফতরে। সেখানে বিকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার জানা মতে তার স্বামীর কোন শত্রু ছিল না। তাছাড়া তাদের এমন কোন অর্থবিত্ত নেই যে কেউ মুক্তিপণের জন্য তাকে অপহরণ করবে। তিনি বলেন, আমার ধারণা, আমার পেশাগত কারণে ক্ষুব্ধ হয়ে কোনো গোষ্ঠী তাকে অপহরণ করতে পারে। পেশাগত কর্মকাণ্ডে কয়েকটি আবাসন কোম্পানি ও শিপ ব্রেকারসহ কিছু ব্যক্তিগোষ্ঠী ক্ষুব্ধ। তারাই হয়ত পরিকল্পিতভাবে আমার স্বামীকে অপহরণ করেছে। জেলা পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর মাঈনুর রহমান জানান, আবু বকর বিকাল পৌনে তিনটার দিকে প্রাইভেটকার যোগে ফতুল্লা থেকে ঢাকায় ফিরছিলেন। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইয়া ফিলিং স্টেশনের পৌঁছামাত্র একটি মাইক্রোবাসে আসা ৭/৮ জন সন্ত্রাসী তাকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ত্রাসীরা পুরোপুরি ফিল্মি স্টাইলে আবু বক্কর সিদ্দিককে অপহরণ করে। সন্ত্রাসীরা মাইক্রোবাস দিয়ে প্রথমে তার গাড়িতে আঘাত করে। এ অবস্থায় আবু বক্কর চালককে গাড়ি থামাতে বলেন। গাড়ি থামাবার পর আবু বক্কর সিদ্দিক ও চালক গাড়ির ক্ষতি দেখার জন্য বের হন। এ সময় সন্ত্রাসীরা চালক রিপনের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে আবু বক্কর সিদ্দিককে জোর করে মাইক্রোবাসে তুলে নেয়। চালক রিপন ফতুল্লাহ থানায় উপস্থিত সাংবাদিকদের জানান, ফতুল্লা পোস্ট অফিস রোড সংলগ্ন হামিদ ফ্যাশনের ভবন ভাড়া নিয়ে গার্মেন্টের ব্যবসা করতেন আবু বক্কর সিদ্দিক। তারা ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি হাইএস গাড়ি তাদের গাড়িকে মৃদু ধাক্কা দেয়। তখন গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে ঐ গাড়ি থেকে ৭/৮ জন যুবক অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে নিচে নামে। তখন তারা আমাকে অস্ত্র ঠেকিয়ে স্যারকে (আবু বক্কর সিদ্দিক) টেনে হাইএস গাড়িতে তুলে দ্রুত পালিয়ে যায়। তিনি জানান, “অপহরণকারীদের প্রায় সবার চুল ছোট ও পরনে টি-শার্ট ছিল। অপহরণের সময় স্যার (আবু বক্কর সিদ্দিক) ‘আমাকে বাঁচান, আমাকে বাঁচান’ চিত্কার করলেও অস্ত্রধারীদের ভয়ে কেউ এগিয়ে আসেনি।” ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই তারা ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রতিটি পুলিশ ফাঁড়ি সর্তক থাকার জন্য ওয়্যারলেস ম্যাসেজ পাঠিয়েছেন। কি কারণে আবু বক্কর সিদ্দিককে অপহরণ করা হয়েছে- এ ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি। তিনি বলেন, ‘আবু বক্কর সিদ্দিককে উদ্ধারের ব্যাপারই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।’ আবু বক্কর সিদ্দিকের বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। তিনি ফতুল্লা পোস্ট অফিস মোড়ের হামিদ ফ্যাশন লিমিটেডের নির্বাহী পরিচালক। এই প্রতিষ্ঠানটির মালিক বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শ্রমিক বিক্ষোভের মুখে গার্মেন্টসটি কয়েক বছর বন্ধ ছিল। গত ফেব্রুয়ারি মাসে এই কারখানা পরিচালনার দায়িত্ব নেন তিনি। তার আগে তিনি নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর প্রতিষ্ঠানে ছিলেন। সুস্থ উদ্ধার করুন :বাপা আবু বক্কর সিদ্দিককে সুস্থ উদ্ধারের দাবি জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি এএসএম শাহজাহান ও সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন। গতকাল বাপা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানায়। সভাপতি এএসএম শাহজাহান বলেন, আমরা জানতে পেরেছি যে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বক্কর সিদ্দিককে নারায়ণগঞ্জ থেকে অপরহরণ করা হয়েছে। আমরা এই ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানাচ্ছি। আবু বক্কর সিদ্দিককে উদ্ধারে পূর্ণ প্রশাসনিক শক্তি প্রয়োগ করার জন্য পরিবেশবাদীদের পক্ষ থেকে আমরা সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা চাই- তিনি সম্পূর্ণ সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসুক।