দেশে বাক স্বাধীনতা মানবাধিকার কিছুই নেই :ফখরুল
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৪, ২৩:৪১
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন ভিন্ন মত, ভিন্ন চিন্তা, বাক স্বাধীনতা, মানবাধিকার কিছুই নেই। বিরোধী দলকে নির্মূল করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে ক্ষমতাসীনরা কাজ করছে। তিনি আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে নেতাকর্মীদের মুক্ত করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মির্জা ফখরুল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এক এজেন্টকে ধরে নিয়ে গেছে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সদস্যরা, টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা জানতে চেয়ে সরকারের ব্যাখ্যা দাবি করেন।
গতকাল জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় এ ব্যাখ্যা দাবি করে তিনি বলেন, ঘটনা সত্য কিনা সরকারের কাছে ব্যাখ্যা চাই। যদি সত্য হয়ে থাকে তাহলে তা কীভাবে সম্ভব হল? একটি ভিনদেশি গোয়েন্দা সংস্থার লোক বাংলাদেশ থেকে কীভাবে কাউকে গ্রেফতার করে নিয়ে যেতে পারে? একই সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোক কীভাবে বাংলাদেশে প্রবেশ করল? সরকারের নৈতিক দায়িত্ব এই ঘটনার ব্যাখ্যা জনগণের কাছে প্রকাশ করা।
মির্জা ফখরুল বলেন, সরকারের ক্ষমতা স্থায়ী করার কৌশল হিসেবে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা ও গ্রেফতার করা হচ্ছে। দলের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে আটক করা হয়েছে। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সরকারের এটি একটি কৌশল। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই এত বেশি দুর্নীতি আর স্বৈরশাসনে লিপ্ত হয় যে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে সংগঠনটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সংগঠনের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ।