পঞ্চম ধাপের ১২১টি আসনে নির্বাচন আজ

ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপে আজ বৃহস্পতিবার ১২টি রাজ্যের ১২১ টি আসনে এবং উড়িষ্যার ৭৭টি বিধানসভা আসনে ভোটগ্রহণ করা হবে। ১ হাজার ৭৬৯ প্রার্থীর মধ্যে ১০ জন হেভিয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। খবর বিজনেস স্ট্যান্ডার্ড এবং ডিএনএ’র। আজ প্রায় ১৭ কোটির মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। লোকসভায় পশ্চিমবঙ্গের ৪টি, উত্তরপ্রদেশে ১১টি, রাজস্থানে ২০টি, মহারাষ্ট্রে ১৯টি, মধ্যপ্রদেশে ১০টি, কর্ণাটকে ২৮টি (সব আসন), ঝাড়খণ্ডে ৬টি, জম্মু ও কাশ্মিরে একটি, ছত্তিশগড়ে ৩টি এবং বিহারে ৭টি আসনে ভোট হবে। এরই মধ্যে শেষ মুহূর্তেও প্রচার-প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আজকের নির্বাচনে আলোচিত ১০ জন প্রার্থী। এরা হলেন, বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে যিনি মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী দেবগৌড়া। ভারতে প্রযুক্তিবিষয়ক প্রখ্যাত প্রতিষ্ঠান ইনফোসিস’র সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি যিনি ব্যাঙ্গালোর থেকে কংগ্রেসের হয়ে লড়াই করছেন। আছেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী অশোক শংকারো চাভান যিনি আদর্শ কেলেঙ্কারিতে জড়িয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তিনি নির্বাচন করছেন কংগ্রেসের হয়ে। জাতীয় কংগ্রেস দলের জ্যেষ্ঠ নেতা এবং শারদ পাওয়ারের মেয়ে সুপ্রিয় সুলে। তার বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলায় কেলেঙ্কারির অভিযোগ আছে। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। প্রতিদ্বন্দ্বিতা করছেন বাজয়েন্তা পান্ডে যিনি বর্তমানে লোকসভার সংসদ সদস্য। তাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আলোচিত হিসেবে আছেন বিএস ইয়াদুরেপ্পা যার বিরুদ্ধে কর্ণাটকের মুখ্যমন্ত্রী থাকাকালে দুর্নীতির অভিযোগ আছে এবং তিনি বিজেপি থেকে পদত্যগ করেন এবং পরবর্তীতে আবার ফিরে আসেন। বর্তমান পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী ভিরাপা মইলি। তাকে লড়াই করতে হবে জেডিএস দলের এইচ ডি কুমারস্বামী। এছাড়া আছেন নিলেশ রায়না এবং শ্রিরামালু।