বারডেমের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় :স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বারডেম হাসপাতালে যে দুঃখজনক ঘটনা ঘটেছে তার যেন আর কোন পুনরাবৃত্তি না হয় সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। পুলিশের কাজ হলো যে কোন অপ্রীতিকর পরিস্থিতি শান্ত করা। তদন্ত না করে কারোই আইন নিজের হাতে তুলে নেয়া উচিত নয়। চিকিত্সক ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের অনুরোধ জানিয়ে তিনি বলেন, চিকিত্সকের ওপর হামলায় পুলিশের উত্সাহ দেয়া এবং অহেতুক ডাক্তারদের কর্মবিরতি কোনটিই সমর্থনযোগ্য নয়। বারডেম হাসপাতালে চিকিত্সকদের ওপর হামলার ঘটনায় পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করে নেয়ায় তিনি পুলিশের আইজিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ডাক্তারদের কর্মবিরতি তুলে নেয়ার জন্যও তাদের ধন্যবাদ জানান। গতকাল বুধবার বিকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের নবনির্মিত ছাত্র ও ছাত্রী হোস্টেল উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, চন্দ্র-সূর্য যেমন সত্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের মহানায়ক সেটিও তেমনি সত্য। বার বার অনেক খলনায়ক নায়ক হওয়ার চেষ্টা করেছেন কিন্তু পারেননি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডাক্তারদের গ্রামে গিয়ে গরীবদের সেবা দিতে হবে। অন্তত তিন বছর গ্রামে থাকতে হবে। যারা এ দায়িত্ব সঠিকভাবে পালন করবে পরবর্তীতে তাদের ভাল পোস্টিং এবং পদোন্নতি দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। আগামী অর্থ বছরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮ কোটি টাকা মূল্যের এমআইআর মেশিন দেয়ার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি হাসপাতালগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান, মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এমএ রশীদ, বিএমএ’র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া প্রমুখ। এর আগে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিএনপি নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, পাঁচ বছর সময় দিলাম, দল গোছান। আর জামায়াতের পাশাপাশি সেই সমস্ত লোককে দল থেকে বাদ দেন যারা আন্দোলনের সময় আপনার পাশে থাকে না। তিনি বলেন, বিএনপি ইতিহাস বিকৃত করছে। মৃত প্রায়, হতাশ কর্মীদের মনোবল বাড়ানোর জন্য অপপ্রচারের প্রেসক্রিপশন পাঠানো হচ্ছে লন্ডন থেকে। তবে এতে কোন কাজ হবে না। পুলিশকে উদ্দেশ করে নাসিম বলেন, আপনাদের দায়িত্ব জনগণের সেবা করা, ডাক্তারদেরও তাই। আপনাদের কোনো অভিযোগ থাকলে তা আমাদের জানাতে পারতেন, আমরা অভিযোগ খতিয়ে দেখে দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারতাম, ডাক্তারদের পেটালেন কেন? সংগঠনের সভাপতি তারানা হালিম এমপির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।