কোনো এক বৈশাখে তাকে রচনা করেছি

আমি তো কাঁদতেই পারি। বৈশাখের আরশিতে বসে তোমার তো হাসতে দোষ নেই কোনো। আগুন আবহে কাঁটাই থাকে, কাঁটা-সুখের এই এলোমেলো উচ্ছ্বাস কোথাও আটকে থাকে না, ধূলি স্তরে স্তরে কেবল জমা হতে থাকে। তাকে রেখেই দিয়েছিলেম আমার ব্রিফকেসে, বনস্পতির নিকট আড়ালে, সে তখন আঠার কি উনিশ। বসন্তের মহত্তম লড়াইটি শেষ করে, মাটিছোঁয়া এই ধূসর রং তার কিভাবে এলো বুঝতে পারিনি। বৈশাখী হীরের একটি চুমকি বসানো পঙিক্ত তোমাকে উপহার দিয়েছিলাম, সেটা মনে আছে। তোমার আকাশটা কিনতে গিয়ে যে ভুলটা হয়েছিল সেদিন, এখন যাকে তাকে সেই কৈফিয়ত দিই যে— ভুলটা আসলে আমার ওই রকমই ছিল।