যুক্তরাজ্যের প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহবান ডিসিসিআই’র
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৪, ২০:৩৫
যুক্তরাজ্যের ব্যবসায়ীবৃন্দকে বাংলাদেশ থেকে আরো বেশি হারে পণ্য সামগ্রী আমদানি এবং দুদেশের মধ্যে প্রতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর আহবান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি মোহাম্মদ শাহজাহান খান। যুক্তরাজ্য-বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই এর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল সমপ্রতি তার সাথে সাক্ষাত্ কালে এ আহ্বান জানানো হয়। তিনি বাংলাদেশ থেকে আরোও বেশি হারে হিমায়িত খাদ্য, কৃষিজাত পণ্য, কেমিক্যাল, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং তৈরী পোষাক প্রভৃতি আমদানির আহবান জানান। ঢাকা চেম্বারের সভাপতি বলেন, বাংলাদেশে বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাজ্য দ্বিতীয় স্থানে রয়েছে এবং ২০১২-১৩ অর্থবছরে যুক্তরাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ১৫৯ দশমিক ৪৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। যুক্তরাজ্য-বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি বজলুর রশীদ, ঊর্ধ্বতন সহ-সভাপতি এম এ রউফ, সহ-সভাপতি আব্দুল মালিক ও প্রতিনিধিদলের অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বৈঠক কালে যুক্তরাজ্য-বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি -এর চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই বলেন, যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশীরা এ দেশে বিশেষ করে তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী। এ দেশের ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের সহায়তা করার জন্য প্রবাসী বাংলাদেশীরা অত্যন্ত আগ্রহী। বজলুর রশীদ জানান, ভবিষ্যত উদ্যোক্তা তৈরীর জন্য নতুন প্রজন্মকে আগ্রহী করার লক্ষ্যে যুক্তরাজ্য-বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স “স্টুডেন্ট মেম্বারশীপ” প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।