আক্কেলপুরে সরকারি সম্পত্তি দখল করে দোকান নির্মাণ

‘আমরা তিনজন সরকারি দল করি। সরকারি সম্পত্তিতে দোকান নির্মাণের কাজ করছি। আমরা তো ব্যক্তিমালিকানা সম্পত্তিতে যাইনি। এতে কারও আপত্তি থাকার কথা নয়। সরকারি সম্পত্তিতে দোকান নির্মাণের কথা জানতে চাইলে তিনজন দখলকারীর মধ্যে হেলালউদ্দিন ওরফে হেলু নামে একজন এভাবে কথাগুলো বলেন। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা। হেলালউদ্দিন হেলুসহ তাঁদের গ্রামের আরও দুই ব্যক্তি শহিদুল ইসলাম ও শাহজাহান আলী মিলে তারা মোহনপুর খালের সেতুর দক্ষিণ পাশে থাকা সরকারি সম্পত্তিতে দোকান নির্মাণ করছেন। সেতুর মুখে দোকান নির্মাণ হলে খালে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হবে। তহসিলদার আব্দুর রহমান বলেন, মোহনপুর গ্রামের বাসিন্দা হেলালউদ্দিন ওরফে হেলু, শহিদুল ইসলাম ও শাহজাহান আলী মোহনপুর বাজার সংলগ্ন যে জায়গায় দোকান নির্মাণের জন্য আরসিসি পিলার তুলছেন সেটি সরকারি এক নম্বর খাস খতিয়ানভুক্ত জায়গা। সেতুর মুখে দোকান নির্মিত হলে মোহনপুর খালের পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হবে। এলাকাবাসী জানান, গত ৩১ মার্চ ওই স্থানে দোকান নির্মাণের কাজ শুরু হয়। এ ঘটনা জানার দু’দিন পর তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী দুলু ও তিলকপুর ভূমি অফিসের তহসিলদার আব্দুর রহমান সেখানে যান। এলাকাবাসী জানায়, দখলকারী শহিদুল ইসলাম, হেলালউদ্দিন ও শাহজাহান আলী সরকার দলীয় সমর্থক। তিলকপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী দুলু জানান, ইউএনও’র নির্দেশে তিনি সেখানে গিয়ে দোকান নির্মাণ কাজে বাধা দিয়েছিলেন। এরপর সেখানে আবার কাজ শুরু করেছে। আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ বলেন, ঘটনাটি আগে জানতেন না। মঙ্গলবার তাঁকে ঘটনাটি জানানো হয়েছে।