যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নালিশ জাতিসংঘে

জাতিসংঘে নিযুক্ত ইরানের নবনিযুক্ত প্রতিনিধি হামিদ আবুতালেবিকে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান করায় জাতিসংঘের কাছে অভিযোগ করেছে ইরান। ১৯৭৯ সালে তেহরানে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ছাত্র বিক্ষোভে হামিদ আবুতালেবি জড়িত রয়েছে বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ। নিউইয়র্কে নিযুক্ত জাতিসংঘের ইরানের উপ রাষ্ট্রদূত হোসেন দেখানি সোমবার সন্ধ্যায় জাতিসংঘের কাছে অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র তাদের যৌক্তিক এবং আইনি সীমা লংঘন করেছে। তিনি আরো বলেন, আবুতালেবির ব্যাপারে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হবে। এদিকে শুক্রবার হোয়াইট হাউজ ইরানকে জানিয়ে দিয়েছে যে তারা নবনিযুক্ত প্রতিনিধির ভিসা মঞ্জুর করবে না। এর জবাবে পরের দিন শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারাও তার নিয়োগ বাতিল করবে না। আমেরিকার ৫২ জন নাগরিককে চার’শ চুয়াল্লিশ দিন জিম্মি রাখার যে অভিযোগ তুলেছে আবুতালেবির বিরুদ্ধে সে বিষয়ে যুক্তরাষ্ট্র কোন প্রমাণ হাজির করতে পারেনি। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির একজন সিনিয়র রাজনীতিক উপদেষ্টা আবুতালেবি পূর্বে ইতালি, বেলজিয়াম এবং অষ্ট্রেলিয়ায় ইবানের রাষ্ট্রদূত ছিলেন। পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেনটেটিভে হামিদ আবুতালেবির ভিসা নিষিদ্ধ করতে একটি বিল উত্থাপন করেছে। এটি আইনে পরিণত করতে হলে প্রেসিডেন্ট বারাক ওবামার সই প্রয়োজন হবে। ১৯৪৭ সালের সদরদপ্তর চুক্তি অনুযায়ী নিউইয়র্কে জাতিসংঘের নিযুক্ত কোন ব্যক্তি প্রবেশ করলে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অনুমতি প্রয়োজন হয়।