দক্ষিণ কোরিয়ায় ফেরিডুবি

নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত, উদ্বিগ্ন স্বজনরা

দক্ষিণ কোরিয়ায় ফেরিডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছে উদ্ধারকারী দল। নিখোঁজদের স্বজনরা প্রিয় মানুষটিকে ফিরে পেতে আকুতি জানাচ্ছে সরকারের কাছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের ভাগ্যে ঠিক কী ঘটেছে তা এখনো বলা যাচ্ছে না। উদ্ধারকারী দল তাদের সাধ্যমতো চেষ্টা করছে। নিখোঁজদের স্বজনরা উপকূলীয় শহর জিন্দোর নদীর ঘাটে ভিড় করেছে। স্বজনদের অনেকেই সরকারি কর্মকর্তাদের কাছে তাদের প্রিয় সন্তানদের ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছে। এক ছাত্রীর মা পার্ক ইয়াংসাক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সকালে আমার মেয়ের শিক্ষকের লাশ তীরে তুলতে দেখেছি। আমি সাঁতার জানলে মেয়েকে খুঁজে আনতে নদীতে ঝাঁপ দিতাম। বাবার কাছে পাঠানো মেসেজে অন্য এক ছাত্র জানিয়েছে তারা অনেকেই বেঁচে আছে। তাদের উদ্ধার করার আকুতি জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে মঙ্গলবার সন্ধ্যায় যাত্রীবাহী ফেরিটি ডুবে যায়। ডুবে যাওয়া ফেরির অধিকাংশ যাত্রী স্কুল ছাত্র। ৪৭৬ জন যাত্রীর মধ্যে সিউলের শহরতলীর একটি হাইস্কুল দানওয়ানের ৩৩০ জন ছাত্র-ছাত্রী ছিলো। প্রথম দিন সাড়ে তিনশ’র বেশি যাত্রীকে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলো শতাধিক।