হাইড্রোলিক হর্ন থেকে মুক্তি চাই
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৪, ২১:৩৫
আমরা পথচারী, আমরা সাধারণ মানুষ। আমরা যানবাহনে উচ্চ শব্দের হর্ন বা হাইড্রোলিক হর্ন থেকে মুক্তি চাই। এমনিতেই ফুটপাত দখলের জন্য ফুটপাতে হাঁটতে পারি না। সৌন্দর্যবর্ধনের নামে রোড ডিভাইডারে মাটি ফেলে গাছ লাগানোর জন্য ধুলাবালিতে ছেয়ে গেছে শহর। আবার ফুটপাতে বালির ওপর বসানো হচ্ছে ইট। রিকশা জটের যন্ত্রণার কথা সবারই জানা। ফকির-পাগলের উপদ্রব তো আছেই, তার ওপর আবার নেশাখোরদের অত্যাচার। লটারি এবং হকারদের মাইকের কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিবেকহীন মানুষের হাইড্রোলিক হর্ন বাজিয়ে অত্যাচারের কথা মেনে নেওয়া যায় না। ঢাকাসহ সারা দেশে এই যানবাহনের হর্নের কি কোনো আইন-কানুন নেই ? মটর সাইকেল, বাস, ট্রাক, বিআরটিসি ও প্রাইভেট গাড়িসহ সকল যানবাহনে হাইড্রোলিক হর্ন বন্ধ করা খুবই জরুরি। এই হাইড্রোলিক হর্ন ব্যবহারের জন্য শহরবাসীর মধ্যে দেখা দিচ্ছে উচ্চ রক্তচাপ, অনিদ্রা, শ্রবণশক্তি হ্রাস, মনঃসংযোগ কমে যাওয়া, মাথাব্যথা, খিটমিটে মেজাজ ও বিরক্তিভাবসহ নানা রোগের উপসর্গ। চিরতরে হারিয়ে ফেলতে পারে শ্রবণশক্তি, হতে পারে অসুস্থ রোগীদের হূদরোগে আক্রান্তের কারণ। এই উচ্চ শব্দের হর্ন বা হাইড্রোলিক হর্ন বন্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
এ কে সেলিম, গেণ্ডারিয়া, ঢাকা