ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে অবিলম্বে ফিরিয়ে দেয়ার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠন। ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর ২ বছর পূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জেলা ও মহানগর বিএনপি বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এছাড়া বিকালে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, বিএনপিসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন নগরীতে প্রতিবাদ মিছিল করে। মিছিলের আগে জিন্দাবাজারে আয়োজিত সমাবেশে বক্তারা অবিলম্বে ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে সরকারের প্রতি দাবি জানান। ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উপদেষ্টা আশিক উদ্দিন আশুকের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট নুরুল হক, বিএনপি নেতা এ্যাডভোকেট আব্দুল গফফার, জেলা মহিলা দলের সভাপতি পাপিয়া চৌধুরী প্রমুখ।