রাজনৈতিক অন্তর্ভুক্তি ছাড়া বাংলাদেশের স্থিতিশীলতা হুমকিতে পড়তে পারে
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৪, ২৩:০০
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বিলওয়াল রাজনৈতিক অন্তর্ভুক্তি ছাড়া বাংলদেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধ ভবিষ্যত্ হুমকির মুখে পড়ার আশংকা করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বৃহত্তর রাজনৈতিক অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়ার জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে। কারণ এটি ছাড়া স্থিতিশীলতা ও সমৃদ্ধি ঝুঁকিপূর্ণ। বুধবার যুক্তরাষ্ট্রের বোস্টনে হাভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি’ শীর্ষক এক বক্তৃতায় নিশা দেশাই এ কথা বলেন।
সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এমডিজি) শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাসে বাংলাদেশের অর্জনের প্রশংসা করে নিশা দেশাই বলেন, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে প্রেসিডেন্ট ওবামার তিনটি বিশেষ উন্নয়ন কর্মসূচি যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করছে। কর্মসূচি তিনটি হল স্বাস্থ্য, খাদ্য, নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন। স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য সুযোগ সৃষ্টিতে বাংলাদেশ তাত্পর্যপূর্ণ অগ্রগতি সাধন করেছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার ৬০ শতাংশ কমাতে ২০ বছরে ইউএসএআইডি বাংলাদেশকে সহায়তা দিয়েছে।
নিশা দেশাই আরো বলেন, রানা প্লাজা ট্র্যাজেডি ও তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনায় গার্মেন্টস শিল্পের নাজুক শ্রম পরিস্থিতির বিষয়টি বিশ্ব নজর আকৃষ্ট করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উন্নয়নে শ্রমিক, মালিক, সুশীল সমাজ, সরকারসহ সবার সঙ্গে ব্যাপক উদ্যোগে কাজ করে যাচ্ছে। কেবল আন্তর্জাতিক শান্তি মিশন নয়, সন্ত্রাস দমন ও সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে কয়েক বছরে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা দিয়ে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রাকৃতিক ও মানবিক দুর্যোগ প্রতিরোধে দক্ষতা বাড়াতেও বাংলাদেশকে সহায়তা দেয়া হচ্ছে। ২০০১ সাল থেকে ৫০০ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীকে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের কাটার সরবরাহ করা হয়েছে। এটি দুর্যোগ প্রতিরোধে ব্যবহূত হচ্ছে।