লোকসভায় সবচেয়ে বড় ভোটপর্ব অনুষ্ঠিত

ভারতে চলতি লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় গতকাল বৃহস্পতিবার সবচে’ বড় ভোটপর্ব অনুষ্ঠিত হয়েছে। এদিন ১২টি রাজ্যের ১২১টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নয় দফার ভোট গ্রহনের ক্ষেত্রে এটাই ছিল সবচেয়ে বেশি আসনে ভোটগ্রহণ। বেশিরভাগ রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। কোনো কোনো রাজ্যে ৮০ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে। গতকাল নির্বাচনে ভোটারদের মধ্যে বিপুল সাড়া লক্ষ্য করা গেছে। গতকাল ১২টি রাজ্যের নির্বাচনে কর্নাটকে ২৮টি, রাজস্থানে ২০টি, মহারাষ্ট্রে ১৯টি, উত্তর প্রদেশ ও ওড়িষ্যার প্রত্যেকটিতে ১১টি করে, মধ্যপ্রদেশে ১০টি, বিহারে ৭টি, ঝাড়খণ্ডে ৬টি, পশ্চিমবঙ্গে ৪টি, ছত্তিশগড়ে ৩টি, জম্মু ও কাশ্মীর এবং মণিপুরে একটি করে আসনে ভোটগ্রহণ হয়। স্থানীয় সময় সকালে ৭টায় শুরু হওয়া এ ভোট গ্রহণ সন্ধ্যা ৬টায় শেষ হয়। নকশাল অধ্যুষিত বিভিন্ন এলাকায় বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ক্ষমতাসীন ইউপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে, নন্দন নিলেকানি, মানেকা গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেব গৌড়া, মন্ত্রী যশোবন্ত সিং, ভিরাপ্পা মইলি, সুপ্রিয়া সুলে, লালু প্রসাদের বড় মেয়ে মিসা ভারতি ও অভিনেতা শত্রুঘ্ন সিনহাসহ হেভিওয়েট অনেক প্রার্থীর জয়-পরাজয় এদিনের ভোটে নির্ধারিত হবে। উল্লেখ্য, পঞ্চম দফার নির্বাচনে মোট ১ হাজার ৭৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পশ্চিমবঙ্গের নাগরিকরাও চারটি আসনে এদিন ভোট দেয় । আসনগুলো হচ্ছে দার্জিলিং, জলপাইগুঁড়ি, কোচবিহার ও আলিপুর দুয়ার। দার্জিলিং আসনে গোর্খা জনমুক্তি মোর্চা সমর্থিত বিজেপি প্রার্থী এস এস আহলুওয়ালিয়া ও তৃণমূল কংগ্রেস প্রার্থী বাইচুং ভুটিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে উড়িষ্যায় লোকসভার ১১টি আসনের পাশাপাশি বিধানসভার ৭৭টি আসনে ভোট গ্রহণ করা হয়। ষষ্ঠ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৪ এপ্রিল। ১২ মে শেষপর্বের ভোটগ্রহণ শেষে ১৬ মে ভোটগণনা ও ফলপ্রকাশ করা হবে। এদিকে, মাওবাদী বিদ্রোহীরা গতকাল ঝাড়খণ্ড রাজ্যের বোকারো জেলার রেললাইনের একটি অংশ উড়িয়ে দিয়েছে। এতে ওই অঞ্চলের রেল চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তারা গিরিডি লোকসভা আসনের বিভিন্ন স্থানে ১০টি বোমার বিস্ফোরণ ঘটায়। গতকাল ওই এলাকায় ভোট গ্রহণ চলে। তবে এ ঘটনায় ভোট গ্রহণের ওপর কোন প্রভাব পড়েনি। সকাল সাড়ে আটটার দিকে পীরতান্ড থানার বিস্তুরের কাছে একের পর এক সাতটি বোমা বিস্ফোরিত হয়। পুলিশ জানায়, সকল নিরাপত্তা ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা অক্ষত রয়েছেন এবং নির্বিঘ্নেই ভোট গ্রহণ হয়েছে।