পশ্চিমবঙ্গে বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ, এজেন্টদের মারধর

ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফা ভোটপর্বে গতকাল পশ্চিমবঙ্গে কয়েকটি কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে। একাধিক প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং কোনো কোনো কেন্দ্রে এজেন্টদের মারধর করে বের করে দেয়ার অভিযোগ আনা হয়েছে। এমনকি রক্তপাতের ঘটনাও ঘটেছে বলে জানানো হয়েছে টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টে। তবে নির্বাচন কমিশন বলেছে, সহিংসতার বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে মোটের উপর নির্বিঘ্নেই মিটেছে পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট। পশ্চিমবঙ্গের বিশেষ নির্বাচনী পর্যক্ষক সুধীরকুমার রাকেশ জানিয়েছেন যে উত্তরবঙ্গের চার জেলায় শান্তিপূর্ণ ভাবেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কমিশন ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন তিনি। তিনি জানান, তীব্র গরম উপেক্ষা করে ভোটের লাইনে দাঁড়ায় সাধারণ মানুষ। বিকাল পাঁচটা পর্যন্ত রাজ্যে গড় ভোটের হার ছিল প্রায় ৮০ শতাংশ। রাজ্যে গতকাল সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় ভোট গ্রহণ। কিন্তু কোচবিহার ও জলপাইগুড়ির বিভিন্ন বুথে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলে বামফ্রন্ট। কোচবিহারের শীতলকুচি, নাটাবাড়ি এবং কোচবিহার দক্ষিণে আবার ভোটের দাবি জানিয়ে জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ করে বামফ্রন্ট। জলপাইগুড়ির রাজগঞ্জের কুকুরযানে ১৫০ নম্বর বুথে দুই মহিলা সহ তিনজনের ওপর তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। একটি কেন্দ্রে সংঘর্ষের সময় পিটিয়ে এক ভোটারের হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে। বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকারও অভিযোগ করা হয়। কোচবিহারে এক নম্বর ওয়ার্ডের এক বাম এজেন্টকে চাপাতির কোপ মেরে রক্তাক্ত করে তৃণমূল ক্যাডাররা।