রানা প্লাজা মালিক সোহেল রানার সব সম্পত্তি বাজেয়াপ্ত
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৪, ২৩:০১
দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভবন ধস সাভারের রানা প্লাজা ট্রাজেডির বছর পূর্তির আর মাত্র ১ সপ্তাহ বাকি। এর আগেই রানা প্লাজার মালিক সোহেল রানার ব্যক্তিগত সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সরকার। ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন গতকাল বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান।
সাংবাদিকদের তিনি বলেন, সাভার বাজার বাসস্ট্যান্ডে রানা প্লাজার ১৮ শতাংশ, বাজার রোডের বহুতল ভবন রানা টাওয়ারের ১০ শতাংশ এবং ধামরাইয়ে সোহেল রানার মালিকানাধীন ১ একর ৪৬ শতাংশ জমির ওপর নির্মিত রানা ব্রিকসসহ স্থাবর সম্পদের খোঁজ পেয়ে তা বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও ভবন ধসের সময় রানা প্লাজায় অবস্থিত ৪ গার্মেন্টসের বিভিন্ন মালপত্রও বাজেয়াপ্ত করা হয়। তিনি জানান, এটা একটা চলমান প্রক্রিয়া। যদি সোহেল রানার আরো সম্পদের খোঁজ পাওয়া যায়, সেগুলোও বাজেয়াপ্ত করা হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে একটি রুল জারি করে। সেই রুলে ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লাকে সোহেল রানার ব্যক্তিগত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ১৩ মার্চ একটি বিবিধ মামলা দায়ের করে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়।