ভয় দেখাতে সরকার খুন অপহরণ করছে :ফখরুল
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৪, ২৩:০১
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে চায়। কেউ যেন প্রতিবাদ করার সাহস না পায়, সেজন্য ভয় দেখাতেই সরকার একের পর এক গুম, খুন ও অপহরণের ঘটনা ঘটাচ্ছে। ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো এবার পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামীকে অপহরণ করা হয়েছে। আমরা সরকারের কাছে পরিষ্কারভাবে জানতে চাই- রিজওয়ানার স্বামী এখন কোথায়?
বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার দুই বছর পার হওয়ার দিনে তাকে ফিরে পাওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এ প্রশ্ন রাখেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার পুলিশকে ব্যবহার করে বিরোধী দল ঠেকাতে। তাদের অনেক কর্মকর্তাই সেটা বলেন। এ সরকারকে নির্বাচনে বাধ্য করতে দরকার ঐক্যবদ্ধ আন্দোলন। তিনি বলেন, গত তিন মাসে ৬১ জন গুম হয়েছে গেছে। জাতিসংঘের আইন অনুযায়ী ‘এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’ একটি ভয়াবহ অপরাধ। এই অপরাধের দায়ে আমরা সরকারকে দায়ী করছি। রিজওয়ানার স্বামী, ইলিয়াস আলী ও চৌধুরী আলমকে যদি গুম করা যায়, তাহলে কেউই তো নিরাপদ নয়।
ফখরুল বলেন, বাংলাদেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। পুলিশের মধ্যে এখন উত্সব চলছে। কোনো নিয়ন্ত্রণ নেই। ধরে নিচ্ছে, টাকা নিচ্ছে।
আলোচনা সভায় আসার আগে গতকাল বেলা ২টার দিকে ইলিয়াস আলীর বাসায় যান মির্জা ফখরুল। বিষয়টি জানিয়ে আলোচনা সভায় তিনি বলেন, ইলিয়াসকে আজও ফেরত পাওয়া যায়নি। সমবেদনা জানানো দূরে থাক, সরকার উস্কানিমূলক কথা বলছে। তিনি বলেন, ইলিয়াস আলীর গুম হওয়ার প্রতিশোধ নিতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নাই।
আলোচনা সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন বলেন, এই সরকারের কাছে কেউই নিরাপদ নয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নুরে আরা সাফা, আব্দুস সালাম ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।