পুলিশের অনুমতি নেই

কর্মসূচি পালন করতে পারেনি গণজাগরণ মঞ্চের একাংশ

পুলিশের অনুমতি না পাওয়ায় কর্মসূচি পালন করতে পারেনি গণজাগরণ মঞ্চের একাংশ। মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর শাহবাগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা দিয়েছিল মঞ্চের কামাল পাশা অংশ। বিকালে শাহবাগে এ অংশের কয়েকজন কর্মী উপস্থিত হলে তাদেরকে কর্মসূচি পালনের অনুমতি নেই বলে জানায় পুলিশ। একপর্যায়ে কর্মীরা ঐ স্থান ত্যাগ করে। পরে শাহবাগে এক প্রতিবাদ সভা করেন কামাল পাশা। এ সময় তিনি বলেন, ইমরানের নেতৃত্বে পরিকল্পিতভাবে গণজাগরণ মঞ্চের আন্দোলনকে লক্ষ্য ও আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। আমরা গণজাগরণ মঞ্চকে নতুনভাবে সংগঠিত করার চেষ্টা করছি। আমরা শুরু থেকেই গণজাগরণ মঞ্চের সঙ্গে ছিলাম, আছি। তিনি বলেন, মুজিবনগর দিবস একটি ঐতিহাসিক দিন। আমাদের স্বাধীনতা যুদ্ধে যতগুলো অর্জন মুজিবনগর সরকার গঠন তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ। এই দিনকে ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত। এ দিবস উপলক্ষে আমাদের আলোচনা সভা ও গণসঙ্গীত অনুষ্ঠান করতে দেয়নি পুলিশ। এটি খুবই দুঃখজনক। তিনি জানান, গণজাগরণ মঞ্চের সংগঠক শিশিরের ওপর হামলার প্রতিবাদে অঅজ শুক্রবার বিকাল তিনটায় বিক্ষোভ সমাবেশ করবো। সেখানে বাধা দিলেও আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, শাহবাগে কর্মসূচি পালনের বিষয়টি তারা থানায় জানায়নি। তাই বাধা দেয়া হয়েছে।