ভুল চিকিত্সায় মৃত্যুর জন্য দায়ী ডাক্তারদের শাস্তি দাবি

ভুল চিকিত্সায় বাবার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ডাক্তারদের শাস্তি দাবি করেছেন ফারহানা নাসরিন। সেইসঙ্গে তাদের বিরুদ্ধে বারডেম কর্তৃপক্ষের মিথ্যে মামলা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে মামলা প্রত্যাহারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি এ দাবি করেন। সিরাজুল ইসলামের মেয়ে ফারহানা নাসরিন বলেন, চিকিত্সা যে ভুল ছিল তা উপস্থিত ডাক্তাররা সেদিন অকপটে স্বীকার করেছেন এবং সহানুভূতি দেখিয়েছেন। যা ১৫ এপ্রিল সাংবাদিক সম্মেলন করে আমরা দেশবাসীকে জানিয়েছি। ফারহানা নাসরিন বলেন, চোখের সামনে বাবা ভুল চিকিত্সায় মারা গেলো, আমরা নীরবে তা মেনে নিলাম, অথচ আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ভাংচুরের। বাবা ছিলেন হাসপাতালের ১৩ তলায় অথচ ভাংচুর দেখানো হয়েছে ৫ তলায়। আসলে ভাংচুরের অভিযোগ সম্পূর্ণই বানোয়াট। কারণ ওই দিন ঘটনাস্থলে পুলিশ, র্যাবও উপস্থিত ছিল। ফারহানা বলেন, প্রতিদিন পত্রিকার পাতা খুললেই ডাক্তারের ভুল চিকিত্সা, ডাক্তারের অবহেলায় রোগী মারা যাওয়ার খবর। অথচ ভুল চিকিত্সা কিংবা অবহেলার অপরাধে কোন ডাক্তারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেখা যায়নি। ডাক্তারদের অনিয়মের কথা বলতে গেলেই চিকিত্সা বন্ধ, মানববন্ধন করে তারা রোগীদের জিম্মি করে রাখে। বাবার মৃত্যুর বিষয়ে রমনা থানায় মামলা করতে গেলেও মামলা নেয়া হয়নি বলে জানান ফারহানা। তিনি বলেন, একদিকে বাবাকে হারিয়ে আমরা অসহায় বোধ করছি, এরিমধ্যে জানতে পেলাম আমাদের দুই ভাই বোনের বিরুদ্ধে বারডেম কর্তৃপক্ষ মামলা করেছে। ফারহানা আক্ষেপ করে বলেন, স্বাস্থ্যমন্ত্রী শুধুই কি ডাক্তারদের মন্ত্রী? তিনি তাদের পক্ষে কথা বললেন, অথচ আমাদের বিষয়ে কোন কথা বললেন না। আমাদের বাবা মারা যাওয়ার মাত্র ২৩ দিন আগে মা মারা গেছেন। ভুল চিকিত্সা না হলে বাবা আজ বেঁচে থাকতেন, তাকেও আমরা হারালাম।