সেন্ট মার্টিনে সতর্কতামূলক কার্যক্রমে গাফিলতি খতিয়ে দেখতে পর্যটন মন্ত্রীর নির্দেশ

সেন্ট মার্টিন দ্বীপে সমুদ্রে গোসল করতে নেমে আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রের মৃত্যু এবং দুই ছাত্রের নিখোঁজ হওয়ার ঘটনায় সমুদ্রতীরে সতর্কতামূলক কার্যক্রম গ্রহণে কর্তৃপক্ষের গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখতে পর্যটন কর্পোরেশনকে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, সমুদ্র তীরে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য সতর্কতামূলক কার্যক্রম কক্সবাজারের বিচ ম্যানেজমেন্ট কমিটি গ্রহণ করে থাকে। তদুপরি, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আরও অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা কি নেয়া যায় তা খতিয়ে দেখতে তিনি পর্যটন কর্পোরেশনকে নির্দশনা প্রদান করেছেন। ইতিমধ্যে পর্যটন কর্পোরেশনের একজন মহাব্যবস্থাপক ঘটনাস্থল পরিদর্শনে সেন্ট মার্টিন গেছেন। - তথ্য বিবরণী