রোকেয়া খাতুন রুবী
কোনটা রেখে কোনটা বলি কোন নামেতে চেনা
কেউ বলেছেন প্রেমিক কবি কেউ বলেছেন সেনা।
সাম্যবাদে অটল থেকে নারীর অধিকারে
কলম গেছে কাব্যগুণে কী নাম দেব তারে?
সংগীতে তাঁর দক্ষতাটা সুরের বীণায় কাঁপে
কার সাধ্য এমন মেধা ইচ্ছামতো মাপে!
সাংবাদিকের দায়িত্বটা পালন হলে সারা
রচিত হয় উপন্যাসের নতুন কোনো ধারা।
ভোরের হাওয়ায় লাগলে কাঁপন নাটক লেখার ছলে
গজল গানে দুখ কাহিনি হয়তো গেছেন বলে।
রাজনীতিতে ভয় ছিল না তাই খেটেছেন জেল
কেউ বলেছেন উড়ন্ত সে কী দুরন্ত মেল।
গল্প লেখায় মত্ত যখন শিউলি ঝরা রাতে
তার ফাঁকে মন হয় উচাটন অগ্নিবীণা হাতে।
শিশুর কবি রঙিন ছবি কাঠবেড়ালি দেখে
ঝিঙে ফুলের রং এঁকেছেন কী মমতা মেখে।
ডাগর চোখে মায়াবী মুখ ঝাঁকড়া মাথার চুল
সবাই ডাকে সব্যসাচী বিদ্রোহী নজরুল।
বাংলাদেশের জাতীয় কবি জানতে হবে তাঁকে
জ্যৈষ্ঠ মাসের এগারো তাই তোমায় আমায় ডাকে।