ভেনেজুয়েলায় ৪১ জনের
মৃত্যুর জন্য
দায়ী কারা?
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৪, ২১:১৫
সামপ্রতিক রাজনৈতিক অস্থিরতায় নিহত ৪১ জনের মৃত্যুর জন্য কারা দায়ী তা তদন্তে গঠিত ‘ট্রুথ কমিশনের’ সদস্য সংখ্যা বাড়াতে রাজি হয়েছে ভেনেজুয়েলার সরকার ও বিরোধী পক্ষের আলোচকরা। বহিরাগত মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্বপালনকারী ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী মারিয়া অ্যাঞ্জেলা হুলগুইন গত বুধবার এ পদক্ষেপকে রাজনৈতিক অস্থিরতা কমানোর চেষ্টায় ‘অগ্রগতির’ একটি লক্ষণ বলে মন্তব্য করেছেন। তবে বিক্ষোভের সময় গ্রেফতারকৃত ব্যক্তিদের সাধারণ ক্ষমার প্রস্তাব গ্রহণ না করায় সরকারের সমালোচনা করেছেন বিরোধী দলের নেতারা।
মঙ্গলবার রাতে উভয়পক্ষের আলোচকদের কয়েক ঘণ্টাব্যাপী বৈঠকের পর ট্রুথ কমিশন নিয়ে সমঝোতার বিষয়টি ঘোষণা করা হয়। বৈঠকে বিক্ষোভের যেকোনো তদন্ত কংগ্রেসের নেতৃত্বে করার জন্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়। তবে শেষ পর্যন্ত উভয়পক্ষের কাছে বিশ্বাসযোগ্য জাতীয় ব্যক্তিদের নিয়ে একটি স্বাধীন কমিশনের ঘোষণা আসায় বিরোধীদের দাবি আংশিকভাবে পূরণ হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে শুরু হওয়া ভেনেজুয়েলার সরকার ও বিরোধীদের ঐ বৈঠকে ভ্যাটিকানসহ কলম্বিয়া, ব্রজিল এবং ইকুয়েডর সহায়তা দিয়ে যাচ্ছে।