ঢাকা ও চট্টগ্রাম জোন-৪ এর সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৪, ২১:১৯
মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা
বিপুল সংখ্যক ক্ষুদে বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এগিয়ে চলেছে স্কুল ভিত্তিক প্রতিভা যাচাই প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার-এর সিলেকশন রাউন্ড। গতকাল শুক্রবার রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি হাই স্কুলে ঢাকা জোন-৪ এবং নোয়াখালী জিলা স্কুলে চট্টগ্রাম জোন-৪ এর সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়। ঢাকা জোনে ২৫০টির অধিক স্কুল থেকে প্রতিযোগীর সংখ্যা ছিল প্রায় ৮ হাজার। অন্যদিকে চট্টগ্রাম জোনে ২৩০টির অধিক স্কুল থেকে প্রায় ৫ হাজার ৭০০ প্রতিযোগী অংশ নেয়।
সকালে বেলুন উড়িয়ে ঢাকা জোন-৪ এর সিলেকশন রাউন্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও লালমাটিয়া হাউজিং সোসাইটি হাই স্কুলের অধ্যক্ষ কাজী মাহমুদুল হক। চট্টগ্রাম জোনের সিলেকশন রাউন্ডের উদ্বোধন করেন সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও নোয়াখালী জিলা স্কুল এর প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভূঞা। বিকালে সিলেকশন রাউন্ডের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বিশিষ্ট নাট্যশিল্পী রফিকুল্লাহ সেলিম ঢাকা জোনে এবং বিশিষ্ট নাট্যশিল্পী মনোজ সেনগুপ্ত ও আবুল খায়ের কনজ্যুমার গুডস ডিভিশনের কর্মকর্তারা চট্টগ্রাম জোনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আগামী ২৫ এপ্রিল ঢাকা জোন-৫ ও চট্টগ্রাম জোন-৫ এর সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হবে যথাক্রমে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং কুমিল্লা জিলা স্কুলে।