বাঁশখালীতে প্রতারকদের ফাঁদে বিকাশ ব্যবসায়ীরা
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৪, ২১:২০
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাঁশখালীতে বিকাশ ব্যবসায়ীরা প্রতারকদের ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত কয়েক মাসে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের অন্তত ২৭ জন এজেন্ট ও ব্যবসায়ী বিভিন্নভাবে প্রতারিত হয়ে কমপক্ষে ১০ লাখ টাকা খুঁইয়েছেন। বিকাশ কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়েও এজেন্টরা কোন বিচার পাচ্ছেন না। বরঞ্চ উল্টো বিভিন্নভাবে ভোগান্তির শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন অধিকাংশ ব্যবসায়ী।
বাঁশখালী পৌরসভা সদর, কালীপুর , শীলকূপ , বৈলছড়ি, পুঁইছড়ি, চাম্বল, সাধনপুর, পুকুরিয়াসহ বিভিন্ন এলাকার বিকাশ এজেন্ট ও ব্যবসায়ী ডা. মহিউদ্দিন, মো. আশরাফ, ওবায়দুল করিম, নজরুল ইসলাম, ফরমান আলী , ইমন দাশসহ অনেকে অভিযোগ করেন, প্রতারকরা বিকাশের টাকা হাতিয়ে নেয়ার জন্য ভুয়া ম্যাসেজ প্রেরণ করে এবং টেলিফোনে বিকাশের হেড অফিসের ভুয়া কর্মকর্তার নাম ব্যবহার করে। কোন কারণে এসব ভুয়া ফোনকলের ফাঁদে পড়ে তাদের কথামত নেটওয়ার্ক ঠিক করতে মোবাইল অপশনে কোন বোতামে চাপ দিলেই বিকাশের মোবাইল নাম্বারে সঞ্চিত টাকা মুহূর্তেই গায়েব হয়ে যায়। গত কয়েক মাসে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের অন্তত ২৭ জন এজেন্ট ও ব্যবসায়ীদের কেউ ৬৭ হাজার টাকা, কেউ ৪২ হাজার টাকা, কেউ ৩৭ হাজার টাকা, কেউ ২২ হাজার টাকা, কেউবা ৮ হাজার টাকা- এভাবে কমপক্ষে ১০ লাখ টাকা খুঁইয়েছেন । তাদের অভিযোগ-প্রতারিত হওয়ার সাথে-সাথে বিকাশের টিউটোরিয়াল ম্যানেজারকে ফোনে জানালে কোন জবাব দেয়া হয় না। এমনকি মোবাইলও রিসিভ করে না। প্রতারক নাম্বারগুলো বিকাশ অফিসে প্রেরণ করলেও কোন রকম ব্যবস্থা গ্রহণ করা হয় না। ভুলক্রমে কোন ব্যবসায়ী ১শ’ টাকার জায়গায় হাজার টাকা পাঠিয়ে দিলে তা ফেরত আনার কোন উদ্যোগ গ্রহণ করে না বিকাশ কর্তৃপক্ষ। একবার প্রতারকদের ফাঁদে পড়লে বছরে ব্যবসায়ীরা যা লাভ করেন তারচেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হন।
বাঁশখালী জোনের দায়িত্বপ্রাপ্ত বিকাশ টিউটোরিয়াল ম্যানেজার মো. শহীদ বলেন, আমরা এজেন্ট নিয়োগের সময় বিভিন্নভাবে প্রতারিত হওয়ার ব্যাপারে সতর্কতা বিষয়ক প্রশিক্ষণ দেই তাদের। তারপরও অসতর্কতার কারণে প্রতারিত হচ্ছেন কতিপয় অনভিজ্ঞ এজেন্ট। তাছাড়া বিভিন্ন মোবাইল কোম্পানি প্রতিদিন লাগামহীনভাবে রেজিষ্ট্রেশনবিহীন সিম বিক্রি করছে, যে কারণে এসব প্রতারকদের চিহ্নিত করা যাচ্ছে না। এজেন্টদের বিকাশ কর্তৃপক্ষ সহযোগিতা করছে না- কথাটি সঠিক নয়।