আমদানি পণ্য রক্ষায় রেলবন্দরে বিজিবি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৪, ২১:২৬
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে আমদানি করা মালামাল লুটেরা চক্রের হাত থেকে রক্ষা করার জন্য কর্তৃপক্ষ বন্দরে বিজিবি মোতায়ন করেছে।
দীর্ঘদিন ধরে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর অরক্ষিত থাকায় প্রায় প্রতিনিয়ত লুটেরা চক্র ওয়াগন ভেঙ্গে আমদানি করা মালামাল লুট করে থাকে। নিরাপত্তা কাজে নিয়োজিত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সাথে লুটেরার চক্রের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে থাকে। বন্দরে মালামাল লুট করাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার গভীর রাতে বিবদমান দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও বন্দর এলাকার ৯টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। গত একবছরে রেলওয়ে নিরাপত্তাবাহিনী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ৯টি নিয়মিত মামলায় অর্ধশতাধিক আসামি করেছে। এসময় দুষ্কৃতকারীদের হামলায় রেলওয়ে নিরাপত্তাবাহিনী এসআই ও হাবিলদারসহ ১২ জন আহত হয়। এর মধ্যে সাইফুল ইসলাম (২৭) ও মোহাম্মদ আলী (৩০) আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। কর্তব্যে অবহেলার কারণে ৮ নিরাপত্তা কর্মীকে বিভিন্ন মেয়াদে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একের পর এক এই ধরনের লুট ও সহিংস ঘটনার কারণে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার মেসার্স আমান পোল্ট্রি ফিডের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম লিখিতভাবে দর্শনা স্টেশন মাস্টারকে জানিয়েছেন- দুষ্কৃতকারীদেরকে প্রতিরোধ করা না হলে এই বন্দর দিয়ে মালামাল আমদানি করা সম্ভব হবে না। উল্লেখ্য, ২০১৩-১৪ অর্থবছরের জুলাই থেকে মার্চ ৩১ পর্যন্ত রেল ভাড়া বাবদ ১৫ কোটি ও কাস্টমস্্ রাজস্ব আয় প্রায় ১১২ কোটি টাকা আয় হয়েছে। স্থানীয় সিএন্ডএফ এজেন্টরা জানিয়েছেন বন্দরে পরিস্থিতি স্থিতিশীল ও শান্ত থাকলে সরকার দর্শনা রেলবন্দর থেকে কয়েকশ’ কোটি টাকা রাজস্ব বাবদ আদায় হতে পারে।