রান্না ঘরেও ঠাঁই হলো না

এক মুঠো ভাতের জন্য ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা

এক মুঠো ভাতের দাবিতে গত বৃহস্পতিবার চাঁদপুরের আদালতে পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা করেছেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ। শাহরাস্তির আলীপুর গ্রামের বৃদ্ধ মিন্নত আলী তার অতি আদরের ছেলে মো. নুরুল আমীন ও পুত্রবধূ জেসমিন আক্তারকে আসামি করে ২০১৩ সালের ৪৯ নম্বর সন্তান কর্তৃক পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত আইনের ৫/৫ (১) এবং ৫ (২), দণ্ডবিধি ৩২৩/৫০৬ (২) ধারায় চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দের আদালতে এ মামলা করেছেন। মামলা সূত্রে জানা গেছে, মিন্নত আলীর ও শামছুন্নাহার দম্পতি প্রায় ৫০ বছর ধরে ভিক্ষাবৃত্তি ও ফেরি করে ১ ছেলে ও ৪ মেয়েকে লালন-পালন করে বিয়ে দিয়েছেন। অতি কষ্টের অর্থে একমাত্র ছেলেকে লেখাপড়া শিখিয়ে এক সেনা সদস্যের গর্বিত পিতা। তার ছেলে ২বার জাতিসংঘ মিশনে কাজ করেছে। গত কয়েক বছর পূর্বে সে চাকরি ছেড়ে দিয়ে স্ত্রী-পুত্র নিয়ে বাড়িতেই থাকেন। চার বোনের শরীকানা ফাঁকি দিয়ে বাবার যত্সামান্য সম্পত্তি তার নামে রেজিঃ করে দেয়ার জন্য চাপ সৃষ্টি করেন। বাবা সম্মত না হওয়ায় তাদের উপর শারীরিক নির্যাতন করে গত ২০১৩ সালের ২১ জুন পিতা-মাতাকে বসতঘর থেকে বের করে দেন। বাধ্য হয়ে তারা আশ্রয় নেয় পাকের ঘরে। মেয়ের দেয়া সহযোগিতায় চলতে থাকে কোনরকমে বেঁচে থাকার চেষ্টা। এতে ছেলে ও বউ আরো ক্ষিপ্ত হয়ে গত ১৪ এপ্রিল পিতা-মাতাকে পাকের ঘর থেকেও বের করে দেয়। এরপর মিন্নত আলী আদালতে মামলা করেন। আদালত আগামী ১৪ মে মিন্নত আলীর ছেলে ও বউকে স্ব-শরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। বাদী পক্ষের আইনজীবী ছিলেন শাহেদুল হক মজুমদার সোহেল।