সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৪, ২১:২৯
বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ ৭ জন নিহত হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
কালিয়াকৈরে ট্রাক ও টেম্পুর সংঘর্ষে নিহত ২
গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার সকালে ট্রাক ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ লেবু ব্যবসায়ী নিহত ও ৪ জন মারাত্মক আহত হয়েছে। জানা যায়, গাজীপুর থেকে একটি নম্বরবিহীন টেম্পু, ধামরাই থানার গাঁওতারা গ্রামে যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ লেবু ব্যবসায়ী নিহত ও ৪ লেবু ব্যবসায়ী মারাত্মক আহত হয়। নিহতরা হলো- ধামরাই থানার গাঁওতারা গ্রামের মোঃ আব্দুল মজিদের পুত্র মোঃ ওয়াহেদ আলী (৩৫) ও ওই একই এলাকার মোঃ জয়নাল আবেদীন (৪২)।
পটিয়ায় পিকআপ ও অটো টেম্পুর সংঘর্ষে নিহত ২
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শ্রীমাই ব্রিজের পাশে গতকাল শুক্রবার পিকআপ ও সিএনজি অটো টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়। নিহতরা হলেন- চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর বাদামতল এলাকার মোঃ মুন্সি মিয়া (৫০), একই এলাকার মোঃ তৈয়ব (৪৮)। আহতরা হলেন- মোঃ সিরাজুল ইসলাম (৩৭), মোঃ রমজান আলি (২২), মো রাশেদ (২৫), মোঃ সোহেল (২২), মোঃ সিরাজ (২৫)।
ঝিনাইদহে টেম্পু চালক নিহত
সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহে রমজান আলী (৩৫) নামে এক টেম্পু চালক নিহত হয়েছে। শুক্রবার সকালে শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গনি ঝিনাইদহ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে।
আটঘরিয়ায় শিশু নিহত
পাবনা-চাটমোহর সড়কের আটঘরিয়ার দেবোত্তর বাজারে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় আসাদুল ইসলাম (১০) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত আসাদুল দেবোত্তর গ্রামের মৃত দুল্লেপ হোসেনের ছেলে।
হাজীগঞ্জে স্কুল ছাত্রের মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পূর্ব রাজারগাঁও গ্রামে সিএনজি চালিত অটোরিক্সার চাপায় রাফসান (৯) নামে এক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাফসান রাজারগাঁও গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে ঐ বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।