উপজেলা চেয়ারম্যানের অফিস দখলে নিল ভাইস চেয়ারম্যান

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা দায়িত্ব নেয়ার আগেই আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষ দখলে নিয়েছে নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান। বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো: মুরাদ হোসেন ভুঁইয়া তার সমর্থকদের নিয়ে চেয়ারম্যানের নির্ধারিত অফিস কক্ষে প্রবেশ করে মিলাদ ও দোয়ার আয়োজন করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে গত বুধবার চেয়ারম্যানের অফিস কক্ষের দরজায় তালা ঝুলিয়ে দেয় মুরাদ ও উপজেলা ছাত্রলীগের নেতারা। তবে নবনির্বাচিত চেয়ারম্যানের কাছে পূর্ববর্তী চেয়ারম্যান দায়িত্ব হস্তান্তর করার আগে ভাইস চেয়ারম্যানের এভাবে জোর করে অফিস দখল করায় আখাউড়ায় সমালোচনার ঝড় উঠেছে। গত ২৩ মার্চ আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জি. মো: মুসলিম উদ্দিন চেয়ারম্যান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো: মুরাদ হোসেন ভুঁইয়া ও পিয়ারা বেগম পি্ওনা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।