কেন্দুয়ায় পুকুর ইজারা বন্ধের দাবিতে মামলা

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাজিউড়া মৌজায় অবস্থিত ২৩০ দাগের ৬৫ শতাংশ পুকুর খাস পুকুর হিসেবে ঘোষণার দাবিতে একই এলাকার মঞ্জুরুল হক বাদী হয়ে পুকুর পাড়ের ২০/২৫টি পরিবারের পক্ষে সহকারী জজ কেন্দুয়ার আদালতে গত বৃহস্পতিবার মামলা দায়ের করেছেন। কেন্দুয়া ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, ওই পুকুরের প্রকৃত মালিক কাশিপুর গ্রামের প্রয়াত রায় বাহাদুর ধরণীকান্ত রায়। কিন্তু জাল জালিয়াতির ভুয়া কাগজপত্র তৈরি করে একই গ্রামের সাজিউড়া গ্রামের মৃত নূর হোসেনের ছেলে চান মিয়া একই গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে আবুল কাশেমের নিকট বিক্রি করে দেয়। গ্রামবাসীর অভিযোগ, আবুল কাশেম তর্কিত ৬২ শতাংশ পুকুর তার ব্যক্তিমালিকানা দাবি করে অগ্রাধিকার ভিত্তিতে ওই পুকুর সংলগ্ন ১৬১/৫৯৪ দাগের ১দশমিক ৩৩ একর একটি সরকারি পুকুর অনিয়ম-দুর্নীতির আশ্রয়ে নামে মাত্র ইজারা মূল্য দিয়ে ইজারা গ্রহণ করে জনগণকে বঞ্চিত করে আসছেন। পুকুর পাড়ের বাসিন্দা ওমর ফারুক জানান, আদালতের মামলা চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তারা সরকারি পুকুরটি ইজারা কার্যক্রম স্থগিত রাখার জন্য ইউএনও বরাবর বৃহস্পতিবার লিখিত আবেদন দিয়েছেন।