শ্রীপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-১৫, বাড়িঘর ভাংচুর

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা উপজেলায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় ১৩টি বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার মদনপুর গ্রামের আওয়ামী লীগ নেতা নবুয়ত খোন্দকার ও বিএনপি নেতা বাবলুর মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল চলে আসছিল। গত ১৪ এপ্রিল বাবলু গ্রুপের লোকজন নবুয়ত গ্রুপের খলিল মোল্লাকে কুপিয়ে জখম করলে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর গত বৃহস্পতিবার ভোরে আশেপাশের গ্রাম থেকে লোকজনকে নিয়ে নবুয়ত গ্রুপের সমর্থকরা বাবলু গ্রুপের ছত্তার ও আকরাম বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর শুরু করলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত এবং ১৩টি বাড়িঘরে ব্যাপক ভাংচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।