জরিপতত্ত্ব ভুলে গিয়ে চমক দেখতে তৈরি থাকুন:রাহুল
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৪, ২৩:০৮
ভারতের লোকসভা নির্বাচনে সামপ্রতিক যাবতীয় জনমত জরিপের ফলাফলে দিল্লি দখলের লড়াইয়ে ‘আগাম’ জিতে বসে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আর প্রধানমন্ত্রীর আসনে নরেন্দ্র মোদী। এসব জরিপ নিয়েই মূলত চলছে মাতামাতি। কিন্তু এই জনমত জরিপ কিংবা দেশজোড়া ‘মোদী হাওয়া’ কোনওটাকেই সত্যি মানতে নারাজ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। তিনি এখনও আত্মবিশ্বাসী, ভোটের পর জিতবে কংগ্রেসই। জরিপতত্ত্ব ভুলে তাই জনগণকে চমক দেখার জন্য অপেক্ষা করতে বলেছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
রাহুল বলেছেন, লোকসভা নির্বাচনের আগে তো কোনও জনমত সমীক্ষাই বলতে পারেনি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট হারবে, আর আমরা সরকার গড়ব। তিনি প্রশ্ন করেন, ২০০৯ সালের লোকসভা নির্বাচনের আগে কোনও জরিপেই কি কংগ্রেসকে ২০০ এর বেশি আসন দেওয়া হয়েছিল? কেউ কি ভেবেছিল সে বার কংগ্রেস উত্তরপ্রদেশে ২১টি আসনে জিতবে? বরং সেবার প্রতিটি জনমত সমীক্ষায় বলা হয়েছিল, উত্তরপ্রদেশে কংগ্রেসের থেকে বিজেপি বেশি আসন পাবে। কিন্তু বাস্তবে দেখা যায়, কংগ্রেসই সেখানে বিজেপির চেয়ে দ্বিগুণ আসনে জেতে। এই জনমত সমীক্ষাগুলো প্রায়ই ভুল প্রমাণিত হয়েছে। আমি নিশ্চিত, ২০১৪-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস ভালো ফল করবে। তাই গুজবের পেছনে মিডিয়া ও সাধারণ মানুষকে না ছুটতে আহ্বান করেছেন রাহুল।