দু’পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ

কাউকে ক্ষমতায় নিতে গণজাগরণ মঞ্চ তৈরি হয়নি

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, কাউকে ক্ষমতায় নিতে বা ক্ষমতা থেকে নামাতে গণজাগরণ মঞ্চ তৈরি হয়নি। ভয় দেখিয়ে বা পুলিশ লেলিয়ে দিয়ে কোনো লাভ হবে না। ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চ ঘরে ফিরে যাবে না। হামলা-মামলা-আক্রমণে আমরা পিছিয়ে যাব না। মঞ্চকে বিতর্কিত করার চেষ্টাও সফল হবে না। গতকাল শুক্রবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মঞ্চের এক সমাবেশে তিনি এ কথা বলেন। ছয় দফা বাস্তবায়ন এবং যুদ্ধাপরাধের বিচারে ধীরগতির প্রতিবাদে ইমরানের নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে একই সময় মঞ্চের কথিত অপর একটি অংশও শাহবাগে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে। একই সময়ে পাল্টাপাল্টি এই কর্মসূচিতে শাহবাগে মৃদু উত্তেজনা তৈরি হয়। তবে কোনো গোলযোগ হয়নি। সমাবেশে ইমরান বলেন, যারা বলেন গণজাগরণ মঞ্চের দরকার নেই, আসলে তাদের দরকার হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলাম। তিনি বলেন, গণজাগরণ মঞ্চ কারও প্রয়োজনে তৈরি হয়নি। কারও প্রয়োজনে ঘরে ফিরেও যাবে না। কোনো আনুকূল্য নয়, জনগণের সমর্থন ও ভালোবাসায় মঞ্চ পথ চলবে। ইমরান অরো বলেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের জন্য দেশবাসী অপেক্ষা করছে। তার সর্বোচ্চ শাস্তি প্রাপ্য। এ রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবির নতুন করে তাণ্ডব চালানোর চেষ্টা করতে পারে। এজন্য তিনি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে আগেই তত্পর হওয়ার আহ্বান জানান । এদিকে গণজাগরণ মঞ্চের কর্মী শিশিরের ওপর হামলা, কয়েকজন কর্মী ও সংগঠকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার-শাস্তির দাবিতে কামাল পাশার নেতৃত্বে শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মঞ্চের অপর একটি অংশ। বিকাল চারটার দিকে তারা শাহবাগ মোড় থেকে একটি মিছিল বের করে চারুকলা অনুষদ হয়ে আবার শাহবাগের জাদুঘরের উত্তর দিকে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় কামাল পাশা চৌধুরী বলেন, আমরা সকল রাজাকারের ফাঁসি কার্যকরের দাবি জানাচ্ছি। যত দিন পর্যন্ত দেশে একজনও রাজাকার থাকবে, তত দিন আমরা লড়াই চালিয়ে যাব। উল্লেখ্য, ইমরান এইচ সরকারের সমাবেশে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট এবং ছাত্র ফেডারেশনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অন্যদিকে কামাল পাশার মিছিল-সমাবেশে শুধুমাত্র ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের দেখা গেছে।