নাইডুর কাছে নতিস্বীকার মোদীর, টিকে গেল জোট

অন্ধ্র প্রদেশের তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর ‘সমস্যা’ মিটে গেছে বলে দাবি করেছে বিজেপি। ফলে জোটে যে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছিল তা থেকে আপাতত রক্ষা পেল এনডিএ। তবে ঝামেলা মেটানোর জন্য নাইডুর কাছে মোদীকে নতিস্বীকার করে তার দাবি মেনে নিতে হয়েছে। গতকাল শুক্রবার বিজেপি মুখপাত্র প্রকাশ জাভরেকর ভারতের সংবাদমাধ্যমকে জানান, টিডিপি নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই ঐক্যমত্যে পৌঁছানো গেছে। ফলে জোট ভাঙার কোনও সম্ভাবনাই নেই। কিন্তু নীতিনির্ধারকরা জানিয়েছেন, আপাতত সমঝোতা করে ভাঙন ঠেকানো গেলেও দ্বিতীয় পরিকল্পনাও তৈরি রাখতে তত্পর হয়েছে তারা। ফের যদি একই পরিস্থিতি সৃষ্টি হয় তবে অন্ধ্র প্রদেশের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের জন্যই প্রার্থী বাছাই করা হচ্ছে। বিবাদ হলে প্রত্যেকটি আসনেই পৃথক ভাবে লড়বে বিজেপি ও টিডিপি। জাভরেকর আরও জানান, রাজ্যের বিধানসভা নির্বাচনে টিডিপিকে আরও কয়েকটি আসন ছাড়তে চলেছেন তারা। বিজেপি নেতাদের আশা, এরপর আর জোট নিয়ে ‘উল্টোপাল্টা’ কিছু করবেন না চন্দ্রবাবু নাইডু। টিডিপি প্রধানের সঙ্গে বিজেপির বিরোধ বাধে দু’টি ইস্যুতে। প্রকাশ্যেই নাইডু জানিয়েছিলেন, রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি দুর্বল প্রার্থীদের টিকিট দিয়েছে। এই সিদ্ধান্তের জন্য টিডিপিকেও ভুগতে হবে। দ্বিতীয় ইস্যু ছিল মোদীর সঙ্গে একসাথে প্রচার চালানো নিয়ে। মোদীর ইচ্ছা তিনি একাই সব জনসভায় ভাষণ দেবেন। তার সঙ্গে জোটের নেতাদের ‘লেজুড়’ হিসেবে রাখবেন না। কিন্তু নাইডু মনে করেন, একসাথে প্রচার চালালে তার দল সুবিধা পাবে। মোদী পিছু হটে আপাতত কয়েকটি সভায় নাইডুকে রাখতে রাজি হয়েছেন।