বগুড়ায় অপহরণের ৯ ঘণ্টা পর হোসাফ কর্মকর্তা উদ্ধার

বগুড়ায় অপহরণের নয় ঘন্টা পর হোসাফ গ্রুপের বিক্রয় কর্মকর্তা আলাউদ্দিনকে শহরের কানছগাড়ী এলাকা থেকে উদ্ধার এবং অপহরণকারীদের ২ জনকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। শুক্রবার দুপুরে সাদা পোশাকে শহরের ঠনঠনিয়া বটতলা এলাকায় এই অভিযান চালায় পুলিশ। গ্রেফতারকৃত অপহরণকারী আজিজুল হক ও নুরুল ইসলাম দু’জনই আওয়ামী লীগ নেতা সুজনসহ একাধিক হত্যা মামলার আসামি এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী । পুলিশ জানায়, শুক্রবার ভোর ৫টায় ঢাকা থেকে বগুড়া পিডিবি’র ২০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের জন্য কিছু যন্ত্রাংশ নিয়ে বগুড়া শহরের ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে এসে নামেন আলাউদ্দিন। সেখান থেকে রিকসাযোগে পুরান বগুড়া পাওয়ার প্লান্টে যাওয়ার সময় কানছগাড়ী এলাকায় পৌঁছলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ঠনঠনিয়া বটতলায় নিয়ে যায় অপহরণকারীরা। এসময় তার কাছে ৩৫ হাজার টাকা দাবি করে। টাকার জন্য আলাউদ্দিন ঢাকায় তার অফিসে মোবাইল করেন। অফিস কর্মকর্তা মোবাইলে টাকা চাওয়ায় সন্দেহ পোষণ করে বগুড়া সদর থানায় বিষয়টি জানান। এরপর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক এবং এসআই আসলাম মোবাইলের সূত্র ধরে অভিযান চালায়। বগুড়া সদর থানার (ওসি) ফায়জুর রহমান জানান, এ ব্যাপারে পাওয়ার প্লান্ট ম্যানেজার আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।