কাজেম আলী স্কুলে বাণিজ্যিক ভবন করা যাবে না
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৪, ২৩:১৫
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, নগরীর ঐতিহ্যবাহী কাজেম আলী হাই স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে কোনভাবেই বাণিজ্যিক ভবন নির্মাণ করা যাবে না। এই প্রতিষ্ঠান বেসরকারি হলেও শিক্ষকদের বেতন ও আনুষঙ্গিক ব্যয় সরকারই বহন করে থাকে। তিনি শুক্রবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাজেম আলী হাই স্কুল এন্ড কলেজ রক্ষা কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরের কথাগুলো বলেন।
মহিউদ্দিন চৌধুরী বলেন, স্কুলের ক্লাস রুম ভেঙ্গে এবং খেলার মাঠে বাণিজ্যিক ভবন নির্মাণ, বিউটি পার্লার, দোকান পাটসহ কমিউনিটি সেন্টার করে একটি চক্র ব্যবসা করতে চায়। শিক্ষা এবং ব্যবসা এক সাথে চলতে পারে না। তিনি বৃটিশ বিরোধী আন্দোলনের সিংহ পুরুষ ও শিক্ষানুরাগী কাজেম আলী মাস্টারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি আজ থেকে ১৩৯ বছর আগে তত্কালীন পিছিয়ে পড়া মুসলিম সমাজের সন্তানদের জন্য নিজের জমি দিয়ে ও আরো কিছু জমি কিনে এই স্কুল প্রতিষ্ঠা করেছেন। তিনি এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। তার প্রতিষ্ঠিত স্কুলকে ব্যবসা প্রতিষ্ঠান হতে দেয়া যায় না।
তিনি স্কুল পরিচালনা কমিটির সমালোচনা করে বলেন, এই স্কুলের বড় অংকের তহবিল থাকা সত্ত্বেও তাদের এই ব্যবসাবৃত্তি অনৈতিক। তারা লুটেরা। তাদের কাছে শিক্ষা পণ্য। তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও জেলা প্রশাসকের প্রতি স্কুল পরিচালনা কমিটি বাতিল করে সত্ ও যোগ্য শিক্ষানুরাগী ব্যক্তিদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করার দাবি জানান। তিনি কাজেম আলী হাই স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাণিজ্যিক ভবন নির্মাণ বন্ধের দাবিতে আগামী সোমবার জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।
কলেজ রক্ষা কমিটির আহ্বায়ক শাহরিয়ার খালেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পিপি এডভোকেট কামাল উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা শহীদুল আলম, ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি এড. মোহাম্মদ আবু হানিফ, জাসদ মহানগর এর সাধারণ সম্পাদক জসীম উদ্দিন বাবুল, গণতান্ত্রিক পার্টির স্বপন সেন, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অশোক সাহা, অধ্যাপিকা লতিফা ছিদ্দিকী, ইমরান আহমেদ ইমু, নুরুল আজিম রণি, রাহুল বড়ুয়া, সুমন বড়ুয়া প্রমুুখ।