গোদাগাড়ীতে সংবাদপত্র বহনকারী কাভার্ড ভ্যানের চালকসহ নিহত ২

জেলার গোদাগাড়ী উপজেলায় রাজশাহী-ঢাকা মহাসড়কে সংবাদপত্র বহনকারী কাভার্ড ভ্যানের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। উপজেলার মাটিকাটা বাইপাস মোড়ে গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাভার্ড ভ্যানের চালক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৩২) এবং চালকের সহযোগী একই এলাকার সাইফুল ইসলামের ছেলে ফরহাদ (৩২)। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাটিকাটা বাইপাস মোড়ে গতকাল সকালে একটি ট্রাকের সঙ্গে সংবাদপত্র বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও তার সহযোগীর মৃত্যু হয়। ট্রাকের চালক ট্রাকটি মহাসড়কে ফেলে পালিয়ে যায়। গোদাগাড়ী মডেল থানার ওসি বলেন, কাভার্ড ভ্যানটি একটি জাতীয় দৈনিক পত্রিকার। নিহত চালক ও তার সহযোগীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালককে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।