জেনেভা চুক্তি প্রত্যাখ্যান করেছে পূর্ব ইউক্রেনের রুশপন্থিরা

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকি ইউক্রেনের সঙ্কট সমাধানের লক্ষ্যে জেনেভায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের করা আন্তর্জাতিক চুক্তি প্রত্যাখ্যান করেছে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। এরকম পরিস্থিতিতে চুক্তির ব্যাপারে রাশিয়ার ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মস্কোর ওপর আরো অর্থনৈতিক অবরোধ আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনেটস্কে দখল করে রাখা সরকারি ভবনগুলো ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়ে পূর্ব ইউক্রেনের রুশপন্থিরা বলেছে, কিয়েভ সরকার ‘অবৈধ’। ঐ সরকার ক্ষমতা না ছাড়া পর্যন্ত তারাও দখল ছাড়বে না। ঐ অঞ্চলের বিদ্রোহীদের নেতা দেনিস পুশিলিন শুক্রবার জানিয়েছেন, তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চুক্তি অনুযায়ী দখল করা ভবনগুলো ছেড়ে যেতে বিক্ষোভকারীদের আদেশ দেবেন না। তিনি বলেন, ‘ল্যাভরভ (রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী) আমাদের জন্য কোনো চুক্তি স্বাক্ষর করেননি। তিনি রাশিয়া ফেডারেশনের পক্ষে স্বাক্ষর করেছেন।’ এছাড়া, স্বঘোষিত ডোনেটস্ক গণপ্রজাতন্ত্রের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মুখপাত্র আলেক্সান্ডার নেজদিলভ বিবিসিকে বলেন, ‘অবৈধ কিয়েভ সরকার পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের প্রশাসন খালি করলেই কেবল তার দলবল সরকারি ভবনের দখল ছাড়তে পারে’। বৃহস্পতিবার রাশিয়া, ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কূটনীতিকরা ইউক্রেনের চলমান সঙ্কট নিরসনে একটি সমঝোতায় পৌঁছান। চুক্তির আওতায় ইউক্রেনে অবৈধভাবে সরকারি ভবন দখল করে রাখা অস্ত্রধারীদের নিরস্ত্র হওয়া এবং সব ভবন বৈধ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে বলা হয়। তাছাড়া সব পক্ষকে কোনোরকম সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতেও আহ্বান জানানো হয়। তবে চুক্তির শর্তাবলী কার্যকর করার ব্যাপারে রাশিয়ার ভূমিকা নিয়ে বৃহস্পতিবারই সংশয় প্রকাশ করেছিল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ কারণেই রাশিয়া যদি চুক্তি না মানে তাহলে মস্কোর ওপর আরো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ওয়াশিংটন। উল্লেখ্য, ইউক্রেনে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে কিছুদিন আগে এক গণভোটের মাধ্যমে ইউক্রেন থেকে আলাদা হয়ে রাশিয়ার সঙ্গে যোগ দিয়েছে ক্রিমিয়া। এ ঘটনার পর ডোনেটস্কসহ পূর্ব ইউক্রেনের বেশ কয়েকটি শহরের রুশপন্থীরা ইউক্রেন থেকে আলাদা হওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেছে।