ইরানের রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রের
ভিসা নিষেধাজ্ঞায়
ওবামার সই
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৪, ২১:০২
জাতিসংঘে নিযুক্ত যে সকল রাষ্ট্রদূত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত রয়েছে তাদেরকে যুক্তরাষ্ট্রের ভিসা নিষিদ্ধ করতে শুক্রবার কংগ্রেসের উভয় কক্ষে একটি বিল পাস হয়েছে। প্রেসিডেন্ড বারাক ওবামা বিলটিতে স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হয়। জাতিসংঘে ইরানের নবনিযুক্ত রাষ্ট্রদূত হামিদ আবুতালেবির যুক্তরাষ্ট্রের ভিসা নিষিদ্ধ করতে আইনটি পাস হয়। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ তিনি ১৯৭৯ সালে তেহরানে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ছাত্র হামলায় জড়িত ছিলেন।
বিলটিতে স্বাক্ষরের বিষয়ে বারাক ওবামা এক বিবৃতিতে বলেন, আইনটি পাসের ফলে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী জাতিসংঘের কোন রাষ্ট্রদূতকে গ্রহণ অথবা প্রত্যাখ্যান করার বিষয়ে তার ক্ষমতা খর্ব হয়েছে।
রাষ্ট্রদূতের ভিসা প্রত্যাখ্যান করায় ইরান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।
জাতিসংঘে ইরানের উপ-রাষ্ট্রদূত হোসেন দেহগানী জাতিসংঘে লিখিত অভিযোগ করে বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী যুক্তরাষ্ট্র তার যৌক্তিক সীমা লংঘন করেছে।
১৯৪৭ সালের সদরদপ্তর চুক্তি অনুযায়ী জাতিসংঘে নিযুক্ত কোন ব্যক্তি নিউইয়র্কে প্রবেশ করতে হলে যুক্তরাষ্ট্রের ভিসার অনুমতি প্রয়োজন হয়।