বিএনপি সমর্থিত তিন পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টা!

নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়িয়ায় উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় রাতে বাড়িতে আগুন দিয়ে বিএনপি সমর্থিত তিন পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য আওয়ামী লীগ নেতা-কর্মীদের দায়ী করেছেন স্থানীয় বিএনপি। তবে আওয়ামী লীগ নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। শুক্রবার রাত ১টার দিকে পাঁচবাড়িয়া গ্রামের বিএনপি কর্মী সাজদার শাহ, আজিজ শাহ ও রবিউল শাহ’র বাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে তাদের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের বেড়া কেটে তাদের বের করেন। এ সময় রবিউল শাহর স্ত্রী আসমা খাতুন (২৮) এবং তার একটি গরু অগ্নিদগ্ধ হয়। পরে দয়ারামপুর ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধ আসমাকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ঐ গ্রামে আওয়ামী লীগ কর্মীরা ৫ বিএনপি কর্মীকে পিটিয়ে আহত করে। ক্ষতিগ্রস্ত সাজদার শাহ জানান, নির্বাচনের পর থেকেই আ’লীগ কর্মীরা আমাদের নানাভাবে হয়রানি করছে। তাদের হামলার ভয়ে রাতে কোন পুরুষ মানুষ বাড়িতে ছিল না। এ সুযোগে তারা বাড়িঘরে আগুন দিয়ে আমাদের স্বজনদের পুড়িয়ে মারার চেষ্টা করেছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মন্ডল এ ঘটনার সাথে তাদের কর্মীরা জড়িত নয় বলে দাবি করেছেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম হোসেন বলেন, বিষয়টির তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।