কুমিল্লায় বিজিবি ও মাদক চোরাকারবারি সংঘর্ষ মাদকসহ আটক এক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৪, ২১:০৭
কুমিল্লায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ও মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলিবর্ষণ, ইট-পাটকেল নিক্ষেপসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিজিবি বিপুল পরিমাণ মাদকসহ আবদুর রাজ্জাক নামের এক মাদক চোরাকারবারিকে আটক করে।
জেলার বুড়িচং উপজেলার ভারত সীমান্তবর্তী চড়ানল এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। শনিবার ৭ জনকে আসামি করে বুড়িচং থানায় মামলা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটবাড়িস্থ ১০ বিজিবি’র একটি বিশেষ টহল দল জেলার বুড়িচং উপজেলার চড়ানল এলাকায় শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে।
এ সময় হায়দ্রাবাদ গ্রামের মাদক সম্রাট হিসেবে পরিচিত আব্দুর রাজ্জাককে ভারতীয় গাঁজা, ফেনসিডিল, বিয়ার, হুইস্কি, এক্স সিরাপ, চকো সিরাপসহ বিপুল পরিমাণ মাদক আটক করা হয়।
আটককৃত মাদকের মূল্য ১ লাখ ৩৯ হাজার ৯৫০ টাকা। অধিনায়ক লে. কর্ণেল মো. শহিদুর রহমান জানান, রাজ্জাককে আটকের পর তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিজিবির টহল দলের ওপর হামলা চালায় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।